Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ, আকরাম-আফ্রিদির তোপের মুখে পিসিবি

স্পোর্টস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

একসময় বিশ্ব ক্রিকেটে ভয়ের নাম ছিল পাকিস্তানের টেস্ট দল। ফাস্ট বোলিংয়ের জাদু আর লড়াকু মনোভাবে তারা অনেক বড় দলকেও চ্যালেঞ্জ জানাত। কিন্তু এখন সেই গৌরব শুধু স্মৃতিতে। ইংল্যান্ডের মাটিতে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে তারা। সিরিজজুড়েই চলেছে বিশৃঙ্খলা, খেলোয়াড় ছাঁটাই আর কোচ পরিবর্তন। ফলে পাকিস্তান ক্রিকেট এখন তীব্র সমালোচনার মুখে। সাবেক দুই অধিনায়ক ওয়াসিম আকরাম ও শহীদ আফ্রিদি খোলাখুলিভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর আঙুল তুলেছেন।

ইংল্যান্ড সফরে পাকিস্তানকে গত ৫০ বছরের সবচেয়ে দুর্বল সফরকারী দলগুলোর একটি বলেই মনে করা হচ্ছে। প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর সিরিজের মাঝপথেই প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে বরখাস্ত করা হয়। স্কোয়াড থেকে সাতজন খেলোয়াড়কেও পাঠিয়ে দেওয়া হয় দেশে, যার মধ্যে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। সাদা বলের কোচ মাইক হেসনকে শেষ টেস্টের দায়িত্ব দেওয়া হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। ব্যাটিংয়ে দুর্বলতা চোখে পড়ার মতো ছিল। ছয় ইনিংসের পাঁচটিতেই ২০০ রান পার করতে পারেনি দল।

এসব ঘটনায় ওয়াসিম আকরাম বলেছেন, ‘পরিস্থিতি হতাশাজনক হলেও এটা অপ্রত্যাশিত নয়। গত পাঁচ বছর ধরেই এমন পতন দেখে আসছি। কোনো একজন ব্যক্তি বা একটি কারণকে দায়ী করা যায় না। অনেকগুলো সমস্যা একসঙ্গে জমেছে।’

শহীদ আফ্রিদি পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। তার মতে, ‘খেলোয়াড়দের এভাবে অসম্মান করা যায় না এবং ব্যবস্থাপনাও শক্তিশালী নয়।’

পাকিস্তান ক্রিকেটে পরাজয়ের পর বড় পরিবর্তন নতুন কিছু নয়। গত কয়েক বছরে টেস্ট অধিনায়ক, কোচ ও পিসিবি চেয়ারম্যান বারবার বদলেছে। ফলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধারাবাহিকতা নষ্ট হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তারা এখন সবার নিচে। সাদা বলের ক্রিকেটেও অবস্থা ভালো নয়। চ্যাম্পিয়নস ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা হতাশাজনক ফল করেছে।

সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ বলেছেন, ‘অতীতে ম্যাচজয়ী খেলোয়াড় ও শক্তিশালী ঐতিহ্য থাকার কারণে সাফল্য এসেছিল। এখন পতন অনেক গভীর এবং ঠিক করতে সময় লাগবে। ঘরোয়া কাঠামো দুর্বল ও অসংগতিপূর্ণ হওয়ায় আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হচ্ছে না।’ ওয়াসিম আকরামের মতে, ‘লাল বলের ক্রিকেটে প্রতিভার ঘাটতি আছে। শুধু চেয়ারম্যানকে দোষ দিয়ে সমস্যার সমাধান হবে না।’