Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ইমরান-পন্টিংকে হারিয়ে যে অধিনায়ককে সর্বকালের সেরা বললেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম

ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক কে; এই প্রশ্নটা যুগ যুগ ধরে চলে আসা এক অমীমাংসিত বিতর্ক। কেউ বলেন রিকি পন্টিং, কেউ ইমরান খান, কেউ ক্লাইভ লয়েড আর কেউ আবার বিরাট কোহলি বা মাহেন্দ্র সিং ধোনির নাম করেন। এই চলমান আলোচনায় এবার নিজের মতামত জানালেন ভারতের কিংবদন্তি ব্যাটার ও সাবেক কোচ রাহুল দ্রাবিড়। ‘দ্য ওয়াল’ খ্যাত এই ক্রিকেটারের পছন্দ একজনই মাহেন্দ্র সিং ধোনি।

সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোর ইউটিউব চ্যানেলের ‘উইনার স্টেজ অন’ খেলায় অংশ নেন দ্রাবিড়। সেখানে একে একে কিংবদন্তি অধিনায়কদের নাম এসেছে এবং তাকে বেছে নিতে বলা হয়েছে। শুরুতে স্টিভ স্মিথকে বেছে নেন তিনি বেন স্টোকস, প্যাট কামিন্স, অর্জুনা রানাতুঙ্গা, কেন উইলিয়ামসন, গ্রায়েম স্মিথ, ইয়ন মর্গান, স্টিফেন ফ্লেমিং ও মাইকেল ক্লার্কের উপরে। পরে রিকি পন্টিংয়ের নাম আসলে স্মিথ ও অ্যালান বোর্ডারকে পেছনে ফেলেন। কিন্তু স্টিভ ওয়াহ এলে পন্টিংকে ছাড়িয়ে যান দ্রাবিড়ের পছন্দে।

বিরাট কোহলির নাম উঠতেই কোনো দ্বিধা ছাড়াই তাকে বেছে নেন দ্রাবিড়। কিন্তু কোহলি টিকতে পারেননি। ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তানি অধিনায়ক ইমরান খানের নাম আসতেই দ্রাবিড় বলেন, ‘তিনি যা করেছেন, তার জন্যই ইমরান খান।’ শেষ পর্যন্ত ধোনি, ইমরান খান ও স্যার ক্লাইভ লয়েডের মধ্যে ধোনিকেই সেরা ঘোষণা করেন তিনি।

ধোনির নেতৃত্বে ভারত জিতেছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি। তিনটি বড় আইসিসি ট্রফি জেতা একমাত্র অধিনায়ক তিনি। পাশাপাশি তার আমলেই ভারত প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বরে উঠে আসে। দ্রাবিড় নিজেও কয়েক বছর ধোনির অধীনে খেলেছেন এবং কাছ থেকে দেখেছেন তার নেতৃত্বের ধরন।

ক্লাইভ লয়েডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্বকাপ জিতেছিল এবং দীর্ঘদিন বিশ্ব ক্রিকেটে আধিপত্য বজায় রেখেছিল। ইমরান খান পাকিস্তানকে তাদের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিলেন। তবু দ্রাবিড়ের চোখে ধোনির সাফল্য আরও ব্যাপক ও ভারসাম্যপূর্ণ।

এসটি