স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
মৌসুমের অসাধারণ সূচনার পরও নিজেদের মনোযোগে সামান্যতম ঘাটতি যেন না আসে, সে বিষয়ে বার্সেলোনার ফুটবলারদের কড়া সতর্কবার্তা দিয়েছেন কোচ হান্সি ফ্লিক। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে দিয়ে বলেন, মনসংযোগে এক মুহূর্তের ভুলও তাঁদের আকাশ থেকে মাটিতে আছড়ে ফেলতে পারে।
রবিবার লা লিগায় লেভান্তের মুখোমুখি হওয়ার আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলা নিজেদের প্রথম পাঁচটি ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এই পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ২২টি গোল দেওয়ার বিপরীতে তারা হজম করেছে মাত্র তিনটি।
সংবাদ সম্মেলনে ফ্লিক সাংবাদিকদের বলেন, "ফুটবলে পরিস্থিতি কত দ্রুত বদলে যেতে পারে, তা আমাদের জানা। এখন যে সুন্দর মুহূর্তটা আমরা উপভোগ করছি, তা অবশ্যই ভালো।"
তবে এর সাথেই তিনি মনে করিয়ে দেন, "কিন্তু আমাদের এই মানসিকতায় যদি সামান্যতম পরিবর্তনও আসে, তবে আমরা ভুল পথে চলে যাব- আর এটি আমরা কোনোভাবেই হতে দিতে পারি না।"
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাফিনিয়া ও লামিন ইয়ামালের মতো বার্সেলোনার আক্রমণভাগের তারকারা মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছেন। চ্যাম্পিয়নস লিগে ফেয়েনুর্ডের বিরুদ্ধে পাঁচ গোল দেওয়ার পাশাপাশি স্প্যানিশ শীর্ষ লিগে রায়ো ভ্যালেকানো, ভ্যালেন্সিয়া এবং এলচের বিরুদ্ধেও প্রতিপক্ষের জালে পাঁচ গোল করে উৎসবে মেতেছে কাতালান ক্লাবটি।
দলের এই ফর্ম নিয়ে ফ্লিক আরও বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত যে দলটি এই উচ্চমানের ফুটবল খেলছে, তবে আমাদের এটিও মাথায় রাখতে হবে যে প্রতিটা ম্যাচেই আমাদের এমন পারফরম্যান্স প্রদর্শন করতে হবে।"
নিজের দলের শক্তির কথা উল্লেখ করে তিনি যোগ করেন, "আমাদের দলে দারুণ গুণগত মান রয়েছে জানা কথা... তবে মাঠের কিছু বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- যখন আমরা খেলার তীব্রতা উঁচুতে রাখি, শতভাগ মনোযোগ ধরে রাখি এবং সক্রিয় থেকে খেলি।"
চলতি মৌসুমে বার্সেলোনার মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ ট্রফি পুনরুদ্ধার করা, যা তারা সর্বশেষ জিতেছিল ২০১৫ সালে। তবে ফ্লিক জানান, ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা এবার টানা তৃতীয়বারের মতো লা লিগা ট্রফি জয়ের বিষয়েও সমান আগ্রহী।
স্বপ্নের কথা জানিয়ে ফ্লিক বলেন, "আমি সমর্থকদের সাথে এবং বার্সেলোনার সাধারণ মানুষের সাথে কথা বলেছি, এই বছর আমাদের চ্যাম্পিয়নস লিগ জিততেই হবে। অবশ্যই এটি আমাদের জন্য এক পরম স্বপ্ন এবং এই ট্রফিটা জেতাই আমাদের প্রধান লক্ষ্য।" "তবে সভাপতি মহোদয় এটাও বলেছেন যে লা লিগাও সমান গুরুত্বপূর্ণ। টানা তিনবার লা লিগা শিরোপা ঘরে তুলতে পারাটা হবে সত্যিই অবিশ্বাস্য এক অর্জন।"