স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
মাঠের বাইরে থেকে চিৎকার, গালিগালাজ আর চাপ; ছোট্ট খেলোয়াড়দের মনে কতটা ভয় ধরিয়ে দেয়, তা অনেক অভিভাবকই বোঝেন না। রোমানিয়ার ফুটবল কর্তৃপক্ষ এবার সেই বাস্তবতায় লাগাম টানতে নতুন এক পদক্ষেপ নিয়েছে। লাল-হলুদ কার্ডের পাশাপাশি এসেছে কালো কার্ড। তবে এটি খেলোয়াড়দের জন্য নয়, বরং গ্যালারিতে থাকা অভিভাবক ও দর্শকদের আচরণ নিয়ন্ত্রণে।
রোমানিয়ান ফুটবল ফেডারেশন গত ১১ সেপ্টেম্বর এই নিয়ম অনুমোদন করেছে। চলতি মৌসুম থেকেই ৭ থেকে ১৬ বছর বয়সীদের বয়সভিত্তিক প্রতিযোগিতায় এটি কার্যকর হচ্ছে। ফেডারেশনের মতে, শিশুদের ফুটবল হওয়া উচিত আনন্দ আর সুস্থভাবে বেড়ে ওঠার জায়গা। প্রাপ্তবয়স্কদের উচ্চাকাঙ্ক্ষা বা হতাশা যেন ছোটদের ওপর চাপিয়ে না দেওয়া হয়; এই বার্তাই দিচ্ছে কালো কার্ড।
নিয়ম অনুসারে, কোনো ম্যাচে অভিভাবক বা দর্শকদের আচরণ অনুপযুক্ত মনে হলে রেফারি প্রথমে দুই দলের কোচকে গ্যালারির দর্শকদের সতর্ক করতে বলবেন। লাউডস্পিকারেও সতর্কবার্তা দেওয়া হবে। আচরণ না থামলে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করে দুই দলকে ড্রেসিংরুমে পাঠানো হবে। এরপরও যদি একই ধরনের আচরণ চলতে থাকে, তাহলে রেফারি কালো কার্ড দেখাবেন। এর অর্থ ম্যাচ সেখানেই স্থায়ীভাবে শেষ; আর পুনরায় শুরু করা যাবে না।
গালিগালাজ, অপমানজনক মন্তব্য, শিশু খেলোয়াড় বা কোচিং স্টাফকে আঘাত-ধাক্কা, প্রতিপক্ষের খেলোয়াড়দের অপমান, রেফারির সঙ্গে বারবার বিবাদ কিংবা অভিভাবকদের মধ্যে মৌখিক-শারীরিক সংঘর্ষ- সবই এই নিয়মের আওতায়। ফেডারেশন স্পষ্ট করেছে, কালো কার্ড শুধু একটি সংকেত নয়; এটি গ্যালারির প্রাপ্তবয়স্কদের আচরণের সীমা অতিক্রম করলে ম্যাচ থামিয়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত।
রোমানিয়া দাবি করেছে, দর্শকদের আচরণ নিয়ন্ত্রণে এমন কার্ড চালু করা বিশ্বে তারাই প্রথম।