Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে সরাসরি সাইম আইয়ুবকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ডেকেছে। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন।

প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর পিসিবি তৃতীয় টেস্টের জন্য দলে সাতটি পরিবর্তন আনে। সেই পরিবর্তনের অংশ হিসেবে সাইমকে দলে ফেরানো হয়। তখন তিনি সিপিএলে জ্যামাইকা কিংসম্যানের হয়ে খেলছিলেন। সেখান থেকে ইংল্যান্ডে এসে সরাসরি টেস্টে নামেন তিনি। গত ১১ মাসে তিনি কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি।

স্কাই স্পোর্টসে নাসের হুসাইন বলেন, 'ওর এখানে থাকাই উচিত ছিল না। সে গত ১১ মাসে প্রথম শ্রেণির ম্যাচ খেলেনি; ১০ দিন আগেও সিপিএল খেলছিল। আমি জানি না, কে মনে করেছে যে বিদেশি কন্ডিশন থেকে কাউকে উড়িয়ে এনে এই কন্ডিশনে ডিউক বল এবং ওলি রবিনসনের বোলিং আক্রমণের বিপক্ষে খেলালেই সে ঠিকঠাক মানিয়ে নিতে পারবে?' তিনি আরও বলেন, 'এটা টেস্ট ক্রিকেটের প্রতি একধরনের অসম্মান ও অবহেলা।'

নাসেরের আশঙ্কা অবশ্য সত্যি প্রমাণিত হয়েছে। তৃতীয় টেস্টে সাইম দুই ইনিংসেই রানের খাতা খুলতে পারেননি। দুবারই তাঁকে আউট করেছেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। প্রথম ইনিংসে পাকিস্তান মাত্র ১৩৩ রানে অলআউট হয়। ইংল্যান্ড জবাবে ৪৫৩ রান করে ৩২০ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৫২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে এবং এখনো ২৬৮ রানে পিছিয়ে আছে।

এসটি