Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

আসিয়ান কাপের দল থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন ডুলি

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপের প্রস্তুতি যত এগোচ্ছে, ততই ছোট হয়ে আসছে বাংলাদেশ দল। টুর্নামেন্টকে সামনে রেখে প্রাথমিক দল থেকে ছয়জন ফুটবলারকে বাদ দিয়েছেন জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি।

প্রাথমিকভাবে ঘরোয়া লিগ থেকে ২৮ জন ফুটবলারকে নিয়ে ক্যাম্প শুরু করেছিলেন ডুলি। পরবর্তীতে প্রবাসী কয়েকজন ফুটবলারকেও জাতীয় দলের অনুশীলনে পরখ করে দেখার সুযোগ দেন এই মার্কিন-জার্মান কোচ। বেশ কয়েকদিনের নিবিড় অনুশীলনের পর এবার দল ছাঁটাইয়ের কাজ শুরু করেছেন তিনি।

বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ছয় ফুটবলার বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বাদ পড়া খেলোয়াড়রা হলেন- ইয়াসিদ তাহমিদ, দেবজিৎ সরকার, ঈসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল।

দল ছাঁটাইয়ের বিষয়ে ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, "সময় যত এগোয়, প্রাথমিক দল তত ছোট হয়ে আসে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং তারই অংশ হিসেবে কোচ ইয়াসিদ তাহমিদ, দেবজিৎ সরকার, ঈসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুলকে দল থেকে বাদ দিয়েছেন। আজকের অনুশীলনের পর আরও একজন ফুটবলার বাদ পড়বেন। তবে ইন্দোনেশিয়ায় তিনি চূড়ান্তভাবে কতজন খেলোয়াড় নিয়ে যাবেন, তা এখনও আমাদের জানাননি।"

বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে ঈসা ফয়সাল বাংলাদেশ দলের একজন অভিজ্ঞ ফুলব্যাক। সাবেক কোচ হাভিয়ের কাবরেরার মেয়াদে এক বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। পরবর্তীতে ডুলি দায়িত্ব নিয়ে নিজের প্রথম ম্যাচেই স্যান মারিনোর বিপক্ষে ঈসাকে মূল একাদশে ফিরিয়ে এনেছিলেন। তবে আসিয়ান কাপের দল থেকে শেষ পর্যন্ত বাদই পড়তে হলো এই অভিজ্ঞ ডিফেন্ডারকে।

ঈসার পাশাপাশি স্যান মারিনো সফরের দলে থাকা কাজেম শাহ ও তাজ উদ্দিনকেও এবার বিবেচনায় রাখেননি কোচ। অন্যদিকে, স্কোয়াডে জায়গা পাওয়ার দৌড়ে নিজেদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল দুই প্রবাসী ফুটবলার ইয়াসিদ তাহমিদ ও দেবজিৎ সরকারকে। তবে অনুশীলনে কোচকে পর্যাপ্ত প্রভাবিত করতে না পারায় চূড়ান্ত কাটে ঠাঁই হয়নি তাঁদের।

তবে প্রবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী গোলরক্ষক সাইফ কেড়াওয়ালা অনুশীলনে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে এখনও দলে নিজের অবস্থান ধরে রেখেছেন। দল থেকে বাদ পড়ার পরপরই হোটেল ছেড়েছেন কাজেম, ঈসা ও তাজ। তবে রাহুল এখনও দলের হোটেলেই অবস্থান করছেন।

ঠিক কী কারণে এই ছয় ফুটবলারকে বাদ দেওয়া হলো, সে বিষয়ে কোচ থমাস ডুলি কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, পজিশনভিত্তিক তীব্র প্রতিযোগিতার কারণেই তাঁদের বাদ পড়তে হয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর জাকার্তায় পর্দা উঠবে ফিফা আসিয়ান কাপের। টুর্নামেন্টে অংশ নিতে ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। তার আগে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় ফোর্টিস এফসির বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।