Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

অভিবাসী ভেবে ইংল্যান্ডে পাকিস্তান দলের হোটেলের সামনে বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

পোর্টসমাউথের উত্তপ্ত পরিবেশ আর ভুল বোঝাবুঝির জেরে পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন। স্থানীয় কিছু মানুষের ধারণা হয়, সেখানে নতুন করে একদল আশ্রয়প্রার্থী এসেছে। কিন্তু বাস্তবে যা ঘটে, তা ছিল সম্পূর্ণ ভিন্ন। হোটেলে অবস্থান করছিলেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা। এই ভুল ধারণা থেকেই শুরু হয় অস্বস্তিকর পরিস্থিতি।

হোটেলে প্রায় ৪০ জন বিদেশি পুরুষ এসেছেন, যাদের চেহারা দেখে অনেকেই স্থানীয় নয় বলে মনে করেছিলেন। একই সঙ্গে যে বাসে তারা এসেছিলেন, সেটি আগে আশ্রয়প্রার্থীদের পরিবহনে ব্যবহৃত হয়েছিল বলেও গুজব চলে। ফলে হোটেলের বাইরে একদল বিক্ষোভকারী জড়ো হন। কেউ কেউ মুখ ঢেকে ছিলেন।

স্থানীয় রিফর্ম দলের কাউন্সিলর জর্জ ম্যাডউইক বিষয়টি নিয়ে এগিয়ে আসেন। তিনি হোটেলে যোগাযোগ করে দলের কোচের সঙ্গে কথা বলেন। কোচ বিষয়টি ধৈর্যসহকারে নেন। এরপর ম্যাডউইক বাইরে এসে বিক্ষোভকারীদের জানান, এরা আসলে ক্রিকেট দল, শরণার্থী নন। কয়েক মিনিটের মধ্যেই তারা চলে যান।

ম্যাডউইক পরে বলেন, পোর্টসমাউথের মানুষ এখন অনেক সতর্ক। সাম্প্রতিক আশ্রয়প্রার্থীদের আগমনের কারণে এমন ভুল বোঝাবুঝি হওয়া স্বাভাবিক বলে তিনি মনে করেন। তবে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাকিস্তান দলের ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগ করেছে এবং খেলোয়াড়দের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছে।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফরে রয়েছে। তারা আরুন্ডেলে চার দিনের ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০ রানে হেরেছিল। পরে যুব ওয়ানডেতে ১৭৭ রানের ব্যবধানে জয় তুলে নেয়। একই সময়ে পাকিস্তানের জাতীয় দলও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে।

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো