স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
পাকিস্তান টেস্ট দলের কোচ হিসেবে কাজ করার সময়টা খুব ছোট ছিল। কিন্তু সেই অভিজ্ঞতা এখনো সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পিকে তাড়া করে বেড়ায়। সম্প্রতি দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও দেশটির হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছেন।
গিলেস্পির কথায়, আকিব জাভেদ প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সবকিছু বদলে যায়। আগে তিনি টেস্ট দল পরিচালনা, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের দেখভাল এবং নির্বাচনেও অংশ নিতেন। পরে ধাপে ধাপে তাকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। একসময় এমন অবস্থায় পৌঁছান যে কোনো সিদ্ধান্তেই আর তার কোনো ভূমিকা ছিল না।
তিনি বলেন, ‘আকিব এসে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। মনে হচ্ছিল, সবকিছুর দায়িত্বই তার হাতে।’ গিলেস্পির দাবি, আকিব পেছন থেকে তার বিরুদ্ধে নেতিবাচক কথা বলতেন। দলের ভেতরের লোকজনও তাকে এ কথা জানিয়েছিলেন। এমনকি তিনি সতর্ক করে দিয়েছেন- যদি এ ধরনের কথাবার্তা চলতে থাকে, তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাববেন।
মানসিকভাবেও এই অভিজ্ঞতা তাকে ভেঙে দিয়েছিল। গিলেস্পি জানিয়েছেন, পুরো ঘটনায় তার কোচিংয়ের প্রতি আগ্রহ কমে গিয়েছিল। নিজের ওপর সন্দেহ তৈরি হয়েছিল এবং তিনি এমনকি ক্রিকেটের সঙ্গে আর যুক্ত থাকতে চান কি না, সেটাও ভাবতে শুরু করেছিলেন। তিনি আরও দাবি করেন, ‘পিসিবি এখনো তার কাছে হাজার হাজার ডলার পাওনা রয়েছে।’
আকিব জাভেদের নেতৃত্বের ধরন নিয়েও সমালোচনা করেছেন গিলেস্পি। তার মতে, আকিব সহযোগিতামূলক মানসিকতার মানুষ নন। অন্যদের মতামত গ্রহণ করেন না। চেয়ারম্যান ও বোর্ডের সমর্থন থাকায় তিনি নিজেকে ধরাছোঁয়ার বাইরে মনে করতেন। গিলেস্পি বলেন, ‘তিনি হয় তার পথে চলুন, নয়তো সরে যান; এমন মনোভাব নিয়ে কাজ করতেন।’
বর্তমান পাকিস্তান ক্রিকেটের অবস্থা দেখেও হতাশা প্রকাশ করেছেন তিনি। ‘সবকিছু বিশৃঙ্খল। মূল সমস্যা আকিব জাভেদ। তিনি যতদিন থাকবেন, পাকিস্তান ক্রিকেট ততদিন পিছিয়ে যেতে থাকবে,’ বলেন গিলেস্পি। অধিনায়ক নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বোর্ডের কর্মকর্তারা ডেস্কে বসে নেন, এটাকেও তিনি হাস্যকর বলেছেন।
এসটি