Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করল আফগানরা

স্পোর্টস ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম

লাল বল নিয়ে আমিরাতের মাঠে নামার অপেক্ষা অনেকদিন ধরেই ছিল বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে টাইগাররা, কিন্তু টেস্ট কখনো হয়নি। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে আগামী মাসেই।  

আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ এবং এরপর জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে তারা। আফগানিস্তান তাদের হোম ম্যাচগুলো সাধারণত আমিরাতের বিভিন্ন ভেন্যুতেই খেলে। সেই ধারাবাহিকতায় এই সিরিজও হবে সংযুক্ত আরব আমিরাতে।  

টেস্ট ম্যাচ শুরু হবে ৯ অক্টোবর। এরপর ১৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ মুখোমুখি হবে। প্রত্যেকে একবার করে খেলার পর ২৩ অক্টোবর ফাইনাল।  

এসিবির প্রধান নির্বাহী নাসিব খান জানিয়েছেন, এই সিরিজ আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে বিভিন্ন ফরম্যাটে খেলা খেলোয়াড়দের ভালো প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা দেবে এবং সমর্থকদের জন্যও আনন্দদায়ক হবে।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজ দুই দেশের ক্রিকেট ভক্তদের জন্য রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করবে। টেস্ট ক্রিকেটকে তারা গুরুত্ব দেয় এবং আমিরাতের পরিবেশে লাল বলের অভিজ্ঞতা বাংলাদেশি ক্রিকেটাররা প্রথমবার পাবে। এই কন্ডিশনে আফগানিস্তান সবসময় ভালো খেলে। সিরিজ আয়োজনের জন্য তিনি এসিবিকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের আশা প্রকাশ করেছেন।