স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
গত দুই মৌসুমে ইউরোপীয় মঞ্চে আশানুরূপ পারফর্ম করতে না পারলেও, ২০২৬-২৭ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি পুনরুদ্ধারের স্পষ্ট ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের সহ-অধিনায়ক ভিনিসিউস জুনিয়র। ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ তাদের রেকর্ড ১৬তম ইউরোপীয় শিরোপা উঁচিয়ে ধরতে পুরোপুরি প্রস্তুত।
ক্লাব অফিশিয়ালকে দেওয়া বক্তব্যে ভিনিসিউস বলেন, "আশা করি ১৬তম ট্রফিটি এবার আসবে। আমরা তার জন্য তৈরি। এটি আমাদের টুর্নামেন্ট। গত দুই বছর আমরা ভালো করতে পারিনি। আমাদের প্রথম লক্ষ্য হলো সেরা আটের মধ্যে থাকা। চ্যাম্পিয়নস লিগ নিয়ে আমরা সবসময়ই রোমাঞ্চ অনুভব করি। এই মৌসুমটি আগের দুই মৌসুমের থেকে আলাদা হতে যাচ্ছে এবং আমরাই এটি জিততে যাচ্ছি।"
উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন লিগ ফেজের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়ছে রিয়াল মাদ্রিদ, যেখানে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলান। এই ম্যাচটি নিয়ে কথা বলতে গিয়ে ভিনিসিউস প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলেন, "চ্যাম্পিয়নস লিগের আবহ সবসময়ই আলাদা। এমন এক শক্তিশালী দলের মুখোমুখি হতে আমরা প্রস্তুত যারা আমাদের সর্বোচ্চ পরীক্ষা নেবে। ইন্টার শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং তারা পাঁচজন ডিফেন্ডার নিয়ে রক্ষণ সামলায়, যা সাধারণত আমাদের জন্য সমস্যা তৈরি করে। তবে ম্যানেজার সব পরিকল্পনা তৈরি করে রেখেছেন।"
দলের চোট সমস্যা প্রসঙ্গে তিনি যোগ করেন, "আমাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরির কারণে বাইরে আছে, যা বিষয়টিকে কঠিন করে তোলে। তবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামব এবং আশা করি ভক্তদের সাথে আবারও সেই দারুণ সংযোগ তৈরি করতে পারব।"
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিজের করা আগের দুটি গোল- একটি লিভারপুলের বিরুদ্ধে এবং অন্যটি বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে, স্মরণ করে ভিনিসিউস বলেন, "এগুলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গোল। যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। অনেকে অনেক গোল করেন, কিন্তু ফাইনালে গোল করতে পারেন খুব কম খেলোয়াড়ই। আর বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের হয়ে এটি করা এমন একটি অনুভূতি যা সমর্থকরা বা আমি কখনো ভুলব না।"