স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম
পাকিস্তানের সাবেক লেগ-স্পিনার মুশতাক আহমেদ দেশের ক্রিকেট দলের কোচিং করতে আগ্রহী। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কাজ করতে গিয়ে সম্মান ও চাকরির নিরাপত্তা না পাওয়ার ভয়ে তিনি এখনো পিছিয়ে আছেন। বর্তমানে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) বিবিসি স্ট্যাম্পড পডকাস্টে মুশতাক বলেন, “আমি অবশ্যই আমার দেশের জন্য এ কাজ করতে চাই। বিশেষ করে এই সময়ে। কিন্তু একটাই শর্ত। কখনো কখনো নিজের দেশের জন্য কাজ করতে ভয় লাগে, যখন মানুষ আপনার সম্মান করে না এবং কয়েকটা আবেগী সিদ্ধান্তে আপনাকে বরখাস্ত করে দেয়। ট্যুর চলাকালীন কাউকে সরিয়ে দেওয়ার মতো ঘটনা দেখলে চিন্তা আর ভয় দুটোই বাড়ে।”
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর পিসিবি সাত খেলোয়াড়কে দেশে ফিরিয়ে নেয় এবং কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলকে বরখাস্ত করে। তাদের জায়গায় হোয়াইট-বল কোচ মাইক হেসনের দলকে শেষ টেস্টের দায়িত্ব দেওয়া হয়। পাঁচজন নতুন মুখসহ সাতজনকে প্রতিস্থাপন করা হয়। এই ঘটনায় পিসিবির ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।
মুশতাক বলেন, সরফরাজ ও উমর গুলকে সিরিজ চলাকালীন সরিয়ে দেওয়ায় তিনি আহত হয়েছেন। অন্তত সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল। তিনি যোগ করেন, “এসব বিষয় ঠিক হয়ে গেলে শুধু আমি নয়, বিদেশে কোচিং করা প্রায় সব পাকিস্তানি ক্রিকেটারই দেশের সেবা করতে চাইবেন। এখনই আমার জন্য সেরা সময়। খেলোয়াড়দের সেরা পারফরম্যান্সে নিয়ে আসা, আন্তর্জাতিক ক্রিকেটে আত্মবিশ্বাসী করা এবং প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো একটি দল গড়ে তোলা।”
মুশতাক এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তান দলের বোলিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন। পরে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত অফিসিয়াল স্পিন বোলিং কোচের দায়িত্বও পালন করেন তিনি।