স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম
২০২৬-২৭ মৌসুমের জন্য বার্সেলোনার নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। এর মাধ্যমে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব পাওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করলেন তিনি। তাঁর নেতৃত্বে গঠিত বার্সার পাঁচ সদস্যের গ্রুপে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন পেদ্রি, এবং বাকি তিন সদস্য হলেন এরিক গার্সিয়া, ফ্রাঙ্কি ডি ইয়ং ও লামিনে ইয়ামাল।
কোচ হান্সি ফ্লিক নিজেই রাফিনিয়া ও পেদ্রিকে যথাক্রমে অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন, আর দলের খেলোয়াড়দের ভোটের মাধ্যমে গার্সিয়া, ডি ইয়ং ও ইয়ামালকে বেছে নেওয়া হয়। রবিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে খেলার আগে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, "আমি এবং আমার কোচিং স্টাফ এখানে দুই বছর ধরে আছি, তাই দলে কী ঘটছে সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। আমার জন্য দুজন অধিনায়ক বেছে নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আমি প্রথম দুজনকে বেছে নিয়েছি এবং বাকিদের দলের মাধ্যমে মনোনীত করা হয়েছে। তাই প্রথম রাফিনিয়া, দ্বিতীয় পেদ্রি, তৃতীয় এরিক এবং এরপর ফ্রাঙ্কি ও লামিনে।"
আয়াক্সে ধারে যোগ দেওয়া গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের স্থলাভিষিক্ত হয়েছেন ২৯ বছর বয়সী রাফিনিয়া। আর লিভারপুলে এক বছরের জন্য ধারে যোগ দেওয়া রোনাল্ড আরাউহো এবং টের স্টেগেনের খালি হওয়া জায়গায় নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন এরিক গার্সিয়া ও ইয়ামাল। ফ্লিক আরও যোগ করেন, "যখন আমি দলে এমন খেলোয়াড়দের দেখি যাদের অনেক প্রভাব রয়েছে, তারা হলো রাফিনিয়া এবং পেদ্রি- কারণ তারা প্রায় প্রতিটি ম্যাচেই খেলে। এটি একটি স্পষ্ট সিদ্ধান্ত ছিল। এখন আমি দলকে আগের চেয়ে অনেক ভালো চিনি। এটি একটি দারুণ গ্রুপ এবং শক্তিশালী নেতৃত্ব।"
২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে রাফিনিয়া ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন। বার্সার হয়ে ১৮০টি ম্যাচে তিনি ৮০টি গোল করেছেন এবং তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপারকোপা ও একটি কোপা দেল রে শিরোপা জিতেছেন। উইঙ্গার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও রবার্ট লেওয়ানডফস্কি ও ফেরান তোরেসের বিদায়ের পর বর্তমানে তাঁকে দলে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেখানে চলতি মৌসুমের প্রথম তিন লিগ ম্যাচেই তিনি ৫টি গোল তুলে নিয়েছেন।