Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

মেসির লিগে নতুন ইতিহাস, রেকর্ড গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ এএম

ফিলাডেলফিয়া ইউনিয়নের বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান এমএলএসে নতুন রেকর্ড গড়েছেন। সিএফ মন্ট্রিলের বিপক্ষে ২-০ গোলের জয়ে গোল করে তিনি লিগের ইতিহাসে প্রথম কিশোর হিসেবে টানা পাঁচ ম্যাচে গোলে অবদান রাখার মাইলফলক স্পর্শ করেছেন।

ম্যাচের ৫৭ মিনিটে ড্যানলে জিন জ্যাকসের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। এর প্রায় বিশ মিনিট পর বক্সের ভেতরে একটা শট গোলরক্ষক আটকাতে সক্ষম হন। 

কিন্তু বল মাটিতে পড়তে না পড়তেই দূর থেকে ছুটে আসেন কাভান। সামনের ডিফেন্ডারদের ফাঁক গলে ও গোলরক্ষকের বাধা পেরিয়ে প্রথম স্পর্শেই জালে পাঠিয়ে দেন তিনি। চোখ ধাঁধানো সেই গোলটিই হয়ে ওঠে ম্যাচের সিদ্ধান্তমূলক মুহূর্ত।

এই মৌসুমে ফিলাডেলফিয়ার জার্সিতে এটি কাভানের চতুর্থ গোল। চার গোল ও সাত অ্যাসিস্ট নিয়ে মোট এগারোটি গোলে অবদান রেখে তিনি ২০০৫ সালে ফ্রেড্ডি আদুর গড়া রেকর্ড ভেঙে দিয়েছেন। আদু ১৬ বছর বয়সে দশটি গোলে (চার গোল ও ছয় অ্যাসিস্ট) অবদান রেখেছিলেন। 

এখন সেই রেকর্ডের মালিক কাভান সুলিভান। একই সঙ্গে তিনিই প্রথম কিশোর, যিনি টানা পাঁচ ম্যাচে গোল বা অ্যাসিস্টে সরাসরি অবদান রেখেছেন।