Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

চোটের দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না নেইমার জুনিয়রকে। এবার ডান উরুর পেশিতে আঘাত, যার ফলে অন্তত কয়েক সপ্তাহ মাঠের বাইরেই কাটাতে হতে পারে তাঁকে।

সান্তোসের মেডিকেল টিমের রিপোর্ট অনুযায়ী, নেইমারকে সুস্থ হতে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। তবে তাঁর পুনর্বাসন প্রক্রিয়ায় সর্বোচ্চ সময়সীমা ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সান্তোস ক্লাব জানিয়েছে, চিকিৎসা পরীক্ষায় নেইমারের ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি চোট ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, এ ধরনের আঘাত সারতে সাধারণত চার থেকে আট সপ্তাহ সময় লাগে। নেইমারের ক্ষেত্রে পুনর্বাসনের সময় সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গতত বুধবার কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে এই আঘাত পান তিনি। প্রথমার্ধেই ডান উরুতে ব্যথা অনুভব করেন নেইমার। বিরতির পর আর মাঠে ফেরেননি।

চোটের পরদিন ভিলা বেলমিরোর মাঠের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করে মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকাদের সরাসরি সমালোচনা করেন। নেইমার লেখেন, গতকাল ভিলার ইতিহাসের অন্যতম খারাপ মাঠ ছিল এটি। ম্যাচের একদিন আগে মাটি আলগা করার কারণে পুরো মাঠে গর্ত তৈরি হয়েছিল। প্রতিপক্ষের সঙ্গে সঙ্গে নিজেদের মাঠের বিরুদ্ধেও খেলতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন। অসমান মাঠে দৌড়ানোর সময় হঠাৎ গতি বাড়ানো বা থামতে বেশি শক্তি খরচ করতে হয়েছে বলেও জানান তিনি। প্রথমার্ধে তিনজন খেলোয়াড়ের চোট পাওয়াকে তিনি কাকতালীয় মনে করেননি।

উল্লেখ্য, কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে কৃত্রিম টার্ফে খেলা হওয়ায় সেই ম্যাচে নেইমার অংশ নেননি। নিজেদের মাঠ ভিলা বেলমিরোতে ফিরতি লেগে খেলতে নেমেই এবার এই আঘাতের শিকার হলেন তিনি।