Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচে চমকের ইঙ্গিত ব্রাজিল দলের

স্পোর্টস ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম

বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পেয়ে হতাশায় ডুবেছিল ব্রাজিল। সেই ব্যর্থতা ভুলে নতুন করে দল গড়ার কাজ শুরু করেছেন কোচ কার্লো আনচেলত্তি। আপাতত অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে কয়েকটি প্রীতি ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে সেলেসাওর নতুন অধ্যায়।

কদিন আগেই পুরনো কর্মস্থল রিয়াল মাদ্রিদে সফর করেছিলেন আনচেলত্তি। সেখানে রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ব্রাজিলের পরবর্তী স্কোয়াড নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। বিশ্বকাপের পর প্রথম কোনো ম্যাচের জন্য আগামী বুধবারই ২৬ সদস্যের নতুন দল ঘোষণা করবেন তিনি। সিবিএফের সদর দপ্তরে উপস্থিত হয়েই এই ঘোষণা আসবে।

আনচেলত্তি জানিয়েছেন, নতুন বিশ্বকাপ চক্রের শুরুতেই তিনি কোন ধরনের ফুটবলারদের পরখ করতে চান, সে ব্যাপারে তার পরিকল্পনা পরিষ্কার। পাশাপাশি কয়েকজন খেলোয়াড়ের দীর্ঘ মৌসুমের ক্লান্তির কথাও উল্লেখ করেছেন তিনি।

তার কথায়, “একঝাঁক দুর্দান্ত ফুটবলারের একটা অধ্যায় শেষ হয়েছে। এখন নতুন প্রজন্মের পথচলা শুরু হওয়ার সময়। ২০৩০ বিশ্বকাপের জন্য একটা প্রতিশ্রুতিশীল ও মানসম্পন্ন দল গড়তেই আমরা বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা তরুণ ব্রাজিলিয়ানদের দিকে বেশি নজর দিচ্ছি। ২০ বা ২১ বছর বয়সীদের মান সত্যিই অসাধারণ। সামনের প্রীতি ম্যাচগুলোতে ওদের আরও কাছ থেকে চিনে নিতে চাই।”

এই পরিকল্পনার অংশ হিসেবে গত বিশ্বকাপে খেলা এন্দ্রিক ও রায়ানের মতো উদীয়মান তারকাদের আরও বেশি সুযোগ দেওয়ার ইঙ্গিত মিলছে। চোটের কারণে বিশ্বকাপ মিস করা এস্তেভাওও হলুদ জার্সিতে ফিরতে পারেন। এছাড়া ভিটোর রেইস ও বেরালদোর মতো নতুন মুখও দলে জায়গা পেতে পারেন।

আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা।