স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
কাউন্টি চ্যাম্পিয়নশিপে চেমসফোর্ডে অবিশ্বাস্য এক স্পেলে এসেক্সের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন সাসেক্সের ২৪ বছর বয়সী পেসার হেনরি ক্রোকম্ব। আট দিনের ব্যবধানে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক এবং মৌসুমে নিজের তৃতীয় ৫ উইকেট শিকার করে স্বাগতিক এসেক্সকে ১৭৭ রানে গুটিয়ে দিয়েছেন তিনি। তাঁর এই বিধ্বংসী বোলিংয়ের সৌজন্যে প্রথম ইনিংসে ৯৮ রানের অপ্রত্যাশিত লিড পায় সাসেক্স।
চা-বিরতির পর এক পর্যায়ে ৩ উইকেটে ১৭১ রান নিয়ে বেশ সুবিধাজনক অবস্থাতেই ছিল এসেক্স। চার্লি অ্যালিসন ৫৬ রান করে ক্রোকম্বের প্রথম শিকার হওয়ার পর শুরু হয় আসল তাণ্ডব। মাত্র ২৬ বলের ব্যবধানে মাত্র ৬ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারায় এসেক্স। ক্রোকম্ব তাঁর টানা ১৪ বলে কোনো রান না দিয়েই হ্যাটট্রিকসহ তুলে নেন ৫টি উইকেট, যেখানে তিনি সাইমন হার্মার, জামান আখতার ও শেন স্নেটারকে টানা ৩ বলে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে গত সপ্তাহে সমারসেটের বিপক্ষে সাসেক্সের ড্র ম্যাচে প্রতিপক্ষের প্রথম ইনিংসে শেষ দিকে তিন বলে তিন উইকেট নেন এ পেসার। ক্রিকেট পরিসংখ্যানবিদ অ্যান্ড্রু স্যামসন জানিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বোলারের পরপর দুই ম্যাচে হ্যাটট্রিকের ঘটনা এ নিয়ে সপ্তমবারের মতো দেখা গেল। ১৮৬৮ সালে প্রথম এ নজির গড়েন প্রয়াত ইংলিশ পেসার জর্জ ফ্রিম্যান। অন্য ছয়জন হলেন, জোগিন্দর রাও (১৯৬৩), মাইক প্রক্টর (১৯৭৯), ডিন হ্যাডলি (১৯৯৬), ওয়াসিম আকরাম (১৯৯৯), দীপক ধাপোলা (২০২৪) ও ক্রোকোম্ব।
এর আগে দিনের শুরুতে সাসেক্স তাদের প্রথম ইনিংসে ২৭৫ রান তোলে, যেখানে অরি কারভেলাস ৪৪ বলে ৩৮ রানের এক ঝড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ অলরাউন্ড ভূমিকা রাখেন। এসেক্সের পেসার জেমি পোর্টার ৪৪ রানে ৪ উইকেট শিকারের পথে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৬০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন। স্যাম কুক ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়ায় তাঁর জায়গায় মিকি কিলিনকে গ্লসস্টারশায়ারের লোন থেকে জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনে এসেক্স।
প্রথম ইনিংসে লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৪ উইকেট হারিয়ে লিড ১৮৮ রানে উন্নীত করেছে সাসেক্স। টম হেইনস, টম ক্লার্ক, চার্লি টিয়ার ও অলি কার্টার দ্রুত সাজঘরে ফিরে গেলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারীরা। পুরো দিনে বিশেষ করে চা-বিরতির পর এক সশনেই পড়ে ১১টি উইকেট, যা ম্যাচের রঙ পুরোপুরি বদলে দেয়।