Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

লিংকডইনে কোচের চাকরির বিজ্ঞাপন, ট্রোলের ঝড়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

মাঠে একের পর এক ক্যাচ ছাড়া, সিরিজ হারানোর পর কোচ ছাঁটাই, আর এখন ফিল্ডিং কোচ খুঁজতে লিংকডইনে পোস্ট। পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক চিত্র যেন একটানা নাটকের মতো চলছে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও সেই পুরনো অভ্যাস বজায় রেখেছে তারা। এক ম্যাচ বাকি থাকতেই তিন টেস্টের সিরিজ হারানোর পর এখন নতুন করে ফিল্ডিং কোচের সন্ধান চলছে। কিন্তু সেই বিজ্ঞাপনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের শিকার হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পাকিস্তানের অবস্থা খারাপ। লিডস ও লর্ডসের টেস্টে ফিল্ডারদের বারবার ক্যাচ ফেলা যেন পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরনো বদঅভ্যাস যেন ছাড়ছে না। এমন কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর বদলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে বরখাস্ত করেছে। বার্মিংহাম টেস্টের আগে মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক ও সালমান আলী আঘাসহ প্রথম সারির সাত ক্রিকেটারকেও দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গতিল্ডিংয়ের এই দুর্বলতা কাটাতেই নতুন ফিল্ডিং কোচের খোঁজ শুরু। গত জুলাইয়ে শন ম্যাকডারমট পদত্যাগ করার পর চেয়ার খালি। তাই পিসিবি লিংকডইনে বিজ্ঞাপন দিয়েছে। আবেদনের শেষ সময় ৯ সেপ্টেম্বর। যোগ্যতায় চাওয়া হয়েছে কোচিং লেভেল-২ ডিগ্রি এবং আন্তর্জাতিক বা প্রথম সারির ফ্র্যাঞ্চাইজি লিগে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা।

বিজ্ঞাপন বের হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ট্রোল শুরু। কেউ লিখেছেন, “পিসিবির নিজস্ব তালিকা কি শেষ হয়ে গেল? শুধু লোক দেখানোর জন্য লিংকডইনে পোস্ট?” আরেকজন ব্যঙ্গ করে বলেছেন, “আমি আইটি সেক্টরে কাজ করি, সম্প্রতি দুটো ক্যাচ ফেলেছি, আবেদন করব কি?” অনেকে প্যারোডি সিভি বানিয়ে পোস্ট করেছেন। সেখানে বিশেষ দক্ষতা হিসেবে লেখা হয়েছে—“ক্যাচ ফেলার পর মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রণ” আর “প্রতি ক্যাচ ছাড়ার পর নিখুঁত অজুহাত তৈরির কৌশল”।