স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
সরকার কর্তৃক ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা থেকে সরিয়ে উদ্বোধনী নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব দেওয়া হয়েছে ভারতকে। ছয়টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আগামী বছরের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি মুম্বাই এবং ভাদোদরায় অনুষ্ঠিত হবে। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং ভাদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ম্যাচগুলো আয়োজন করবে।
টুর্নামেন্টের স্বত্ব হারালেও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসরে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা। যোগ্যতা অর্জনের নির্ধারিত তারিখ (৬ জুলাই) অনুযায়ী আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে থাকায় তারা স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে খেলার টিকিট পায়।
টুর্নামেন্টের বাকি দলগুলো হলো স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আইসিসির মূল্যায়নে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ভারতের আবেদন যাচাই করার পর বুধবার ভারতকে নতুন স্বাগতিক হিসেবে বেছে নেওয়ার কথা জানানো হয়।
ক্রিকেট বোর্ড পরিচালনায় সরকারি হস্তক্ষেপ এবং অরাজনৈতিক পরিচালনা পরিষদ না থাকায় শ্রীলঙ্কা ক্রিকেটকে আইসিসি তাদের বোর্ড মিটিং থেকেও বাদ রেখেছিল। শেষ পর্যন্ত বড় ধরনের শাস্তিস্বরূপ তাদের হাত থেকে আইসিসি ইভেন্টের স্বত্ব ছিনিয়ে নেওয়া হলো।
রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে পরিচালিত এই টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল আগামী ২৮ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। নতুন ভেন্যুগুলোর মধ্যে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ২০২৩ ও ২০২৫ সালের উইমেনস প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছিল, অন্যদিকে ভাদোদরাও গত দুই মৌসুমে (২০২৫ ও ২০২৬) ডব্লিউপিএলের সফল ম্যাচ আয়োজন করেছে।