Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

পাকিস্তানের টালমাটাল অবস্থা নিয়ে রসিকতায় মাতলেন ইংলিশ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে হেরে ইতোমধ্যে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান দল। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হারের পর টেস্ট দলের স্কোয়াডে সাত খেলোয়াড়কে ছাঁটাইসহ ব্যাপক রেশারেশি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বার্মিংহামের এজবাস্টনে হতে যাওয়া আগামী ৯ সেপ্টেম্বরের তৃতীয় টেস্টের আগে পাকিস্তানের এই গণছাঁটাই ও টালমাটাল পরিস্থিতি নিয়ে রসাত্মক খোঁচা দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন।

ম্যাচের আগে অধিনায়কদের একাদশ ও দলে পরিবর্তন সংক্রান্ত সাক্ষাৎকার নিয়ে কৌতুক করে পিটারসেন এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, "প্রতিটি ম্যাচের আগে যখন অধিনায়কদের সাক্ষাৎকার নেওয়া হয়, তখন উপস্থাপক দলে পরিবর্তনের বিষয়ে জানতে চান। আমার বন্ধু বাবরের জন্য এটি খুব খুব খুব খুব দীর্ঘ এক সাক্ষাৎকার হতে যাচ্ছে! টসের আলোচনাতেই যদি এত সময় চলে যায়, তবে টস কি আগের রাতে শুরু করা উচিত?"

আরও পড়ুন- বিধ্বস্ত পাকিস্তান, কোচসহ ৭ জন ক্রিকেটার ছাঁটাই করল বোর্ড

লর্ডস টেস্টে পরাজয়ের পরই পিসিবি স্কোয়াডের সাত ক্রিকেটারকে বাদ দেওয়ার পাশাপাশি লাল বলের কোচিং স্টাফেও বড় রদবদল আনে। লাল বল দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সফরের শেষ টেস্টের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাদা বলের প্রধান কোচ মাইক হেসন এবং বোলিং কোচ অ্যাশলি নফকের ওপর।

Screenshot_2026-09-01_220614

চলতি বছরের ১৮ এপ্রিল বাংলাদেশ সফরের আগে টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে তাঁর অধীনে বাংলাদেশে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। 

পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ১-১ সমতায় সিরিজ শেষ করার পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আবার ব্যাকফুটে চলে যায় তারা। আগামী ৯ থেকে ১৩ সেপ্টেম্বর বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় টেস্টে নতুন চেহারার স্কোয়াড ও অন্তর্বর্তীকালীন কোচিং স্টাফ নিয়ে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে পাকিস্তান।