স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের খেতাব ধরে রাখার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। সেই ম্যাচটিই হয়ে ওঠে আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ উপস্থিতি। কয়েক সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন এই বিশ্বজয়ী অধিনায়ক।
মেসির জাতীয় দল থেকে অবসরের গল্প অবশ্য নতুন নয়। ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির বিপক্ষে পেনাল্টিতে হারের পর ২৯ বছর বয়সী মেসি আবেগতাড়িত হয়ে হুট করে অবসর ঘোষণা করেছিলেন। সেই রাতে পেনাল্টি মিস করে চোখে জল নিয়ে মাঠ ছাড়ার দৃশ্য পুরো ফুটবলবিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল।
ঠিক সেই সময় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো মেসির পাশে দাঁড়িয়েছিলেন। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘মেসি খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সবাইকে তাঁর মানসিক অবস্থা বুঝতে হবে। হার বা দ্বিতীয় স্থান মেসির অভ্যাস নয়। একটা পেনাল্টি মিস করলেই কেউ খারাপ খেলোয়াড় হয়ে যায় না। রোনালদো আশা প্রকাশ করেছিলেন, মেসি সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফিরবেন, কারণ আর্জেন্টিনার তাঁকে খুব প্রয়োজন।’
রোনালদোর সেই আশা তখন সত্যি হয়েছিল। মেসি ফিরে এসে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয় করে ক্যারিয়ারের সব ফাঁকা জায়গা পূরণ করেন। যে বিশ্বকাপ ট্রফি রোনালদোর কাছে এখনো অধরা।
তবে এবার পরিস্থিতি ভিন্ন। ৩৯ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের পর হাতে লেখা চিঠি দিয়ে জাতীয় দল থেকে চূড়ান্ত বিদায় নিয়েছেন। এবার আর ফিরে আসার সম্ভাবনা নিয়ে সংশয় অনেক বেশি। একসময় যে প্রতিদ্বন্দ্বী তাঁকে ফিরে আসতে উৎসাহ দিয়েছিলেন- আজ সেই মেসি নিজেই বলছেন, ‘আর কিছু দেওয়ার নেই।’
এসটি