Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ইংলিশ ক্রিকেটারদের কাছে দায়িত্বশীল আচরণ চান অধিনায়ক রুট

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম

লর্ডসে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। এই জয়ের পর নিজের দলের খেলোয়াড়দের "দায়িত্বশীল ও প্রাপ্তবয়স্কদের মতো" জয় উদযাপন করার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

বেন স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপ্রত্যাশিত অবসরের পর দ্বিতীয় মেয়াদে টেস্ট অধিনায়কের দায়িত্ব পান রুট। হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানের জয়ের পর লর্ডসেও বড় জয়ে ২০২৪ সালের ডিসেম্বরের পর প্রথমবার একাধিক ম্যাচের কোনো টেস্ট সিরিজ জিতল স্বাগতিকরা।

তবে লর্ডস টেস্ট শুরু হওয়ার আগে একটি নৈশক্লাবের বাইরে পেসার ব্রাইডন কার্স পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ায় স্কোয়াড থেকে বাদ পড়েন। এই ঘটনা নিয়ে টেস্টের আগে বেশ বিতর্ক তৈরি হয়। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও এর আগে ইংল্যান্ড দলের একাধিক খেলোয়াড় অ্যালকোহল-সংক্রান্ত বিতর্কে জড়িয়েছিলেন। সে সময় কারফিউ বা নির্দিষ্ট সময়ে হোটেলে ফেরার নিয়ম জারি করা হলেও, জুনে নাইটলাইফ বিতর্কে স্টোকস ও অ্যাটকিনসন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ থেকে বাদ পড়েছিলেন।

দ্বিতীয় দফায় অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে রুট সেই কারফিউ তুলে নেন এবং খেলোয়াড়দের ব্যক্তিগত দায়িত্ববোধ বাড়ানোর ওপর জোর দেন। ম্যাচ শেষে রুট বলেন, "মাঠের বাইরের এসব বিষয় নিয়ে বারবার কথা না বলাটা খুবই জরুরি। টেস্ট ম্যাচ এবং টেস্ট সিরিজ জেতা সহজ কাজ নয়, তাই আনন্দ উদযাপন করা উচিত; তবে তা অবশ্যই দায়িত্বশীল ও পরিণত উপায়ে করা দরকার।"

লর্ডসে অলি রবিনসন, জোফরা আর্চার, জশ টাং ও গাস অ্যাটকিনসন- ইংল্যান্ডের এই চার পেসার পাকিস্তানের ব্যাটারদের জন্য অত্যন্ত বিপজ্জনক প্রমাণিত হয়েছেন। প্রথম দফায় অধিনায়কত্বের সময় জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে পেয়েছিলেন রুট। এবার এই নতুন চার পেসারকে নিয়েও সমান আশাবাদী তিনি।

রুট বলেন, "প্রথমবার যখন অধিনায়ক ছিলাম, তখন অ্যান্ডারসন ও ব্রডকে পাওয়াটা সৌভাগ্যের বিষয় ছিল। তবে এখন সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো, এই তরুণ পেসারদের নিজেদের আলাদা ইতিহাস তৈরির সুযোগ রয়েছে। ইংলিশ পেস বোলিংয়ের ইতিহাসে নিজেদের অধ্যায় লেখার সব সামর্থ্যই তাদের আছে।"

নিজে এই টেস্টে বড় রান না পেলেও নিজের ব্যাটিং নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। টেস্টে ১৪ হাজারেরও বেশি রান করা রুট বর্তমানে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শচীন টেন্ডুলকারের ঠিক পেছনেই অবস্থান করছেন।

লর্ডসের সম্মানজনক অনার্স বোর্ডে ৫ উইকেট নিয়ে নাম লিখিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস। তবে ব্যক্তিগত এই অর্জনের মধ্যেও দলের টানা ব্যর্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা পাকিস্তান গত ২০টি টেস্টের মধ্যে ১৫টি ম্যাচেই হেরেছে।

আব্বাস বলেন, "আমাদের এই পারফরম্যান্স সবার জন্যই উদ্বেগের। আমরা সবাই চিন্তিত। আমরা ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং, কোনো বিভাগেই ভালো করতে পারছি না এবং প্রতিটি মিটিংয়ে এই নিয়ে আলোচনা হয়।"

প্রথম ইনিংসে ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ইংল্যান্ড, তবে পাকিস্তানের দুর্বল ফিল্ডিং ও ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। এ নিয়ে আক্ষেপ করে আব্বাস বলেন, "আমরা গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছি, যার ফলে ওদের মূল ব্যাটাররা ৭০-৮০ রান বাড়তি তুলে নিয়েছে। ওখানেই ম্যাচটি আমাদের হাত থেকে বেরিয়ে যায়, কারণ আমরা ওদের ২০০ রানের মধ্যেই গুটিয়ে দিতে পারতাম।"