স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম
গত বছর ডিসেম্বরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার মানুষের মনে জেগেছিল স্বপ্ন। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে কাছ থেকে দেখার আশায় তারা টিকিট কেটে স্টেডিয়ামে এসেছিলেন। কিন্তু সেই স্বপ্ন কয়েক মিনিটের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায়। কর্মকর্তা ও অতিথিদের ঘন ভিড়ে মেসিকে ঠিকমতো দেখা যায়নি। মাত্র বিশ মিনিটের মতো মাঠে থাকার পরই তাকে বেরিয়ে যেতে হয়। ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা, কেউ কেউ ভাঙচুরও চালান। সেদিন থেকেই টিকিটের টাকা ফেরতের দাবি উঠতে থাকে।
এখন প্রায় আট মাস পর সেই দাবির জবাব এসেছে। শনিবার (২৯ আগস্ট) ভারতের জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সেদিনের ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর টাকা ফেরত দেওয়ার অভ্যন্তরীণ প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, ‘মেসির বিপুল ভক্ত রয়েছে। তারা ৪ হাজার ও ৬ হাজার রুপি দিয়ে টিকিট কিনেছিলেন। আমার ইচ্ছা, এই ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর দেওয়া টাকা যেন ফেরত দেওয়া হয়। এ নিয়ে আমি ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, আমি এটা করতে পারবো।’
সেই ঘটনার জেরে তৎকালীন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়। বিধাননগর নগর পুলিশের ডেপুটি কমিশনার অনীশ কুমারকেও বরখাস্ত করা হয়। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে অব্যবস্থাপনার অভিযোগে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
টানা ৩৮ দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। কারাগার থেকে বেরিয়ে শতদ্রু তৎকালীন সরকারের সমালোচনা করেন। তার অভিযোগ, সেদিনের বিশৃঙ্খলার জন্য আয়োজকেরা নন, বরং তৎকালীন ক্রীড়ামন্ত্রী ও পদস্থ প্রশাসনিক কর্মকর্তারাই সরাসরি দায়ী ছিলেন।