Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পারাদেস

স্পোর্টস ডেস্ক

৩০ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম

বিশ্বকাপ জয়ের আনন্দ যখন মাঠে মিশে গেল উত্তেজনায়, তখন সেই মুহূর্তের সংঘাত এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর্জেন্টিনার মিডফিল্ডার লিওনেল পারাদেস ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে ‘অতিরিক্ত’ ও ‘অতিরঞ্জিত’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন। একই ঘটনায় স্পেনের গাভির মাত্র এক ম্যাচের শাস্তির বিষয়টিও তিনি তুলে ধরেছেন।

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেন শিরোপা নিশ্চিত করার পর ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘাত বাধে। ফিফার শৃঙ্খলা কমিটি ঘটনাটি পর্যালোচনা করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনসহ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

সপ্তাহান্তে বোকা জুনিয়র্সের হয়ে খেলা শেষে পারাদেস এই শাস্তির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, গাভিই প্রথমে তাঁকে সজোরে ঘুষি মেরেছিলেন। অথচ গাভি পেয়েছেন মাত্র এক ম্যাচের নিষেধাজ্ঞা। গোল ডটকমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘এই শাস্তি একেবারেই অতিরঞ্জিত মনে হচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, গাভি আমার বুকে এসে ঘুষি মারল, অথচ ও পেয়েছে মাত্র এক ম্যাচের নিষেধাজ্ঞা! তবে ঠিক আছে, যা হওয়ার হয়েছে। এখন আমাদের কাজ হলো শাস্তির বিরুদ্ধে আপিল করা। যারা এই আইনি বিষয়গুলো ভালো বোঝেন, তারা দেখবেন শাস্তি প্রত্যাহার বা কমানো যায় কি না।’

কেবল খেলোয়াড়রাই নন, আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনও বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে। খেলাধুলাবহির্ভূত আচরণ, মাঠে বিশৃঙ্খলা, সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক স্লোগান এবং নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় এএফএকে ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচে দর্শকসংখ্যা ৫০ শতাংশে সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্থ থেকে ১ লাখ ডলার বর্ণবাদবিরোধী কার্যক্রমে ব্যয়ের কথাও বলেছে ফিফা।

পারাদেসকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। নাহুয়েল মলিনা পেয়েছেন ৭ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা। থিয়াগো আলমাদাকে ১ ম্যাচ ও ৩০ হাজার ডলার জরিমানা এবং রবের্তো আয়ালাকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে স্পেনের গাভিকে ১ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা দেওয়া হয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের হয়ে পরবর্তী ম্যাচগুলোতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দলগুলোর হাতে ১০ দিন সময় রয়েছে। পারাদেস আপিলের মাধ্যমে শাস্তির মেয়াদ কমানোর আশা করছেন।