স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম
লর্ডসের ঐতিহাসিক মাঠে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের উত্তেজনা তুঙ্গে। ব্যাট-বলের লড়াই চলছে জোরেশোরে। কিন্তু প্রথম দিনের লাঞ্চ বিরতিতে হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলাইমান খান।
স্কাই নিউজে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথারটনের নেওয়া তাদের সাক্ষাৎকার প্রচার হওয়ার পরই ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। কেউ বলছিলেন, সাক্ষাৎকারটি নিয়ে অসন্তুষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি লাঞ্চের পর মাঠে ফিরতেও নাকি কিছুটা দ্বিধায় পড়েছিল পাকিস্তান দল।
কিন্তু সেই সব গুঞ্জনে সরাসরি জবাব দিয়েছেন পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ। টেস্টের দ্বিতীয় দিনের সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট বলেন, ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার সম্পর্কে পাকিস্তান দলের কিছুই জানা ছিল না।
সরফরাজ বলেন, “এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। পিসিবি ইংলিশ বোর্ডের কাছে কোনো অভিযোগ করেছে কি না, সেটিও আমি জানি না।”
গুঞ্জন ছিল, সাক্ষাৎকারের কারণে লাঞ্চ বিরতির পর মাঠে ফিরতে দেরি করার কথা ভেবেছিল দল। কিন্তু সরফরাজ সেই দাবিও নাকচ করে দেন। তিনি জানান, “এমন কিছু ঘটেনি। লাঞ্চ বিরতির পর আমরা স্বাভাবিক নিয়মেই মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। সাক্ষাৎকারটি সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না।”
কোচ আরও বলেন, দলের পুরো মনোযোগ ছিল শুধুমাত্র ক্রিকেট এবং টেস্ট ম্যাচের পারফরম্যান্সে।
লর্ডসের মতো ঐতিহাসিক ভেন্যুতে গুরুত্বপূর্ণ টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের উপস্থিতি ও সাক্ষাৎকার স্বাভাবিকভাবেই বাড়তি আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যখন সাক্ষাৎকার নিচ্ছেন মাইকেল আথারটনের মতো ক্রিকেটার।
ইমরান খান পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় নাম। তার নেতৃত্বেই ১৯৯২ সালে পাকিস্তান প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে। পরবর্তীতে রাজনীতিতে প্রবেশ করে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছিলেন। তাই লর্ডসে তার ছেলেদের উপস্থিতি ক্রিকেটের বাইরেও নজর কেড়েছে।