স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম
নেইমারের পারিবারিক স্পোর্টস এজেন্সি ‘এনআর স্পোর্টস’ এর বিশেষ আর্থিক সহায়তায় ফিফা কর্তৃক আরোপিত প্লেয়ার রেজিস্ট্রেশন বা ট্রান্সফার নিষেধাজ্ঞা (ট্রান্সফার এমবার্গো) থেকে মুক্ত হয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। মিডফিল্ডার জঁ লুকাসকে দলভুক্ত করার জন্য ফরাসি ক্লাব মোনাকোর পাওনা ১.৭ মিলিয়ন পাউন্ড (প্রায় ১২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়েল) বকেয়া মিটিয়ে দেওয়ার পর ক্লাবটিকে এই ছাড়পত্র দিয়েছে ফিফা। এর ফলে রেলিগেশন বা অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা সান্তোস এখন নতুন খেলোয়াড় সাইন ও রেজিস্টার করতে পারবে।
গত জুলাই মাস থেকে ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার কারণে নতুন কোনো খেলোয়াড় দলে ভেড়াতে পারছিল না ব্রাজিলিয়ান এই জায়ান্ট ক্লাবটি। এনআর স্পোর্টসের বিশেষ বিনিয়োগের মাধ্যমে সেই পাওনা পরিশোধের পর ক্লাব কর্তৃপক্ষ এই সংকট থেকে মুক্তি পায়। এই আর্থিক সহায়তার বিনিময়ে সান্তোস এবং নেইমারের পারিবারিক এজেন্সি যৌথভাবে ক্লাবের জার্সির যেসব স্পন্সরশিপের জায়গা এখনও খালি রয়েছে, সেগুলো নিয়ে দরকষাকষি ও বাণিজ্যিক চুক্তি সম্পাদন করবে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সান্তোস ক্লাব কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে তারা জানায়, "সান্তোস এফসি তাদের 'ট্রান্সফার নিষেধাজ্ঞা' সমস্যাটি সমাধান করেছে এবং আমরা আবারও দলবদল বাজারে খেলোয়াড় কেনার জন্য মুক্ত। এনআর স্পোর্টসের সহযোগিতার কারণেই এই সমাধান সম্ভব হয়েছে, যার মাধ্যমে ক্লাব আর্থিক সহায়তা পেয়েছে। এর বিনিময়ে সান্তোস এফসি এবং সংস্থাটি যৌথভাবে জার্সির খালি থাকা স্পন্সরশিপ ইনভেন্টরি নিয়ে বাণিজ্যিকভাবে কাজ করবে।"
স্যান্টোসের মাথায় এখনও আনুমানিক ১৩ মিলিয়ন পাউন্ডেরট ঋণের বোঝা রয়েছে। এর মাঝেই দলে গভীর সংকট তৈরি হওয়ায় এই জরুরি পদক্ষেপ নিতে হয়েছে ক্লাবটিকে। ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সাবেক ইউভেন্তুস মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভেড়াতে তড়িঘড়ি আলোচনা শুরু করেছে সান্তোস। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও স্পোর্ট’-এর তথ্য অনুযায়ী, ব্রাজিলিয়ান লিগে টিকে থাকার এই লড়াইয়ে ক্লাবটির মূল লক্ষ্য এখন আর্থার মেলোকে ক্লাবে নিয়ে আসা।