Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ

স্পোর্টস ডেস্ক

২৮ আগস্ট ২০২৬, ০২:৪৭ পিএম

ভারত ও বাংলাদেশের মধ্যকার স্থগিত হওয়া সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজটি আগামী বছরের (২০২৭) জানুয়ারিতে পুনরায় নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এবং ভারত সরকারের মধ্যে এই বিষয়ে আলোচনা এখনও প্রক্রিয়াধীন।

বিসিসিআই সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রস্তাবিত সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুতেই একটি নতুন উইন্ডো চাইছে।

বিসিসিআই-এর এক সূত্র বার্তা সংস্থা এএনআই-কে জানিয়েছে, "ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সাথে আলোচনা চলমান, অন্যদিকে বিসিবি আগামী বছরের শুরুতেই সময়সূচি নির্ধারণের চেষ্টা করছে।"

মূল পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের আগস্টে  ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল, তবে পরবর্তীতে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি ঘোষণা করেছিল যে, ভারত ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে এই সফর নিয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বার্তা দেওয়া হয়নি।

জানুয়ারিতে বিসিবি সিরিজের সূচি ঘোষণার পর থেকে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়; যা মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশের অলরাউন্ডার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় আরও জোরালো হয়। পরবর্তীতে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন তৎকালীন বিসিবি প্রশাসন ভারতে সহ-আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত নিলে সম্পর্কের আরও অবনতি ঘটে।

তবে তামিম ইকবাল বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর দুই বোর্ডের দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে। চলতি মাসের শুরুর দিকে তামিম ভারত সফর করেন এবং বেঙ্গালুরুতে বিসিসিআই-এর সেন্টারে অব এক্সিলেন্স পরিদর্শন করেন, যা দুই বোর্ডের সস্পর্ক পুনর্গঠনের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।