স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ০১:৪০ পিএম
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভিড়াতে অ্যাস্টন ভিলার সাথে সমঝোতায় পৌঁছেছে চেলসি। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, ৭৫ লাখ পাউন্ড ট্রান্সফার ফি-তে ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমাচ্ছেন।
চেলসির সাথে মার্তিনেসের দুই বছরের চুক্তি হতে যাচ্ছে, যেখানে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ বা অপশন রাখা হয়েছে।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে জয় পেলেও চেলসির বর্তমান প্রথম পছন্দের গোলরক্ষক রবার্ট সানচেস দুটি মারাত্মক ভুল করে বসেন। এর পরপরই চলতি সপ্তাহের শুরুতে মার্তিনেসের এজেন্টদের পক্ষ থেকে চেলসি কর্তৃপক্ষের কাছে এই দলবদলের প্রস্তাব পাঠানো হয়।
অ্যাস্টন ভিলার হয়ে ২৫৬টি ম্যাচে মাঠে নামা মার্তিনেজ গত মৌসুমে ক্লাবটিকে ইউরোপা লিগ শিরোপা জেতানোর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনে মূল ভূমিকা রেখেছিলেন। চলতি মাসের শুরুতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে তাঁর সম্ভাব্য দলবদল ভেস্তে যাওয়ার পর থেকে তিনি ভিলার মূল স্কোয়াড থেকে আলাদা হয়ে একাকী অনুশীলন করছিলেন।