স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম
বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্যারিয়ারে নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে। লেস্টার সিটিতে দীর্ঘদিন ধরে থাকা সেই পরিচিত মাঠ ছেড়ে এবার ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টিতে পা রাখতে পারেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের দলবদলবিষয়ক প্রতিবেদক মাইক ম্যাকগ্রা জানিয়েছেন, ডার্বি কাউন্টি লেস্টারের কাছ থেকে হামজাকে নিজেদের দলে যোগ করানোর উদ্যোগ নিয়েছে। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থান দখল করা ডার্বি এবার মাঝমাঠ আরও শক্তিশালী করতে চায়। রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবেই পরিচিত হামজা ডান পাশের রক্ষণেও খেলতে পারেন। তার এই বহুমুখী সামর্থ্যই ডার্বির আগ্রহের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
তবে দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আদান-প্রদান হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য নেই। স্থানান্তর মূল্য কত হতে পারে কিংবা স্থায়ী চুক্তিতে নেওয়া হবে না ধারে, এসব বিষয়েও কোনো বিস্তারিত প্রকাশ পায়নি।
হামজার সঙ্গে লেস্টারের চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। অর্থাৎ বর্তমান চুক্তির শেষ বছরে প্রবেশ করেছেন তিনি। এই পরিস্থিতিতে তাকে বিক্রি করে কিছু অর্থ আয় করার এটিই লেস্টারের শেষ বড় সুযোগ হতে পারে। লেস্টার এখন ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে খেলছে। অন্যদিকে ডার্বি রয়েছে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। ফলে এই স্থানান্তর সম্পন্ন হলে হামজা এক ধাপ উপরে ফিরে যাবেন।
লেস্টারের একাডেমিতে বড় হওয়া হামজা ২০১৫ সালে মূল দলে সুযোগ পান। এর মধ্যে বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলেছেন। সর্বশেষ ধারের মেয়াদ শেষে লেস্টারে ফিরে গত মৌসুম কাটিয়েছেন তিনি।