Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

তিন দল নিয়ে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

২৬ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম

চলতি বছরের ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা ‘আফগানিস্তান প্রিমিয়ার লিগ’ (এপিএল)। দুবাইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লিগের তিনটি ফ্র্যাঞ্চাইজি এবং ‘কোহ-ই-জাফর’ (জয়ের পাহাড়) নামের ট্রফিটির উন্মোচন করা হয়।

ঘোষিত তিনটি ফ্র্যাঞ্চাইজি হলো- এক্সেল ইউনাইটেড কাবুল, বলখ জোয়ানান এবং কান্দাহার ওয়ারিয়র্স। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এটি পাঁচ দলের টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে। বাকি দুটি ফ্র্যাঞ্চাইজি পাকতিয়া ও নানগারহারের প্রতিনিধি হিসেবে যুক্ত হতে পারে, যাদের ব্যাপারে এসিবি আলোচনা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া টুর্নামেন্টটির ভেন্যু সম্পর্কে স্পষ্ট তথ্য না মিললেও প্রথম আসরটি আফগানিস্তানের বাইরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

দল উন্মোচনের পর এবার খেলোয়াড় ড্রাফটের দিকে এগোচ্ছে এসিবি। আগামী ৩০ আগস্ট থেকে খেলোয়াড় নিবন্ধনের পোর্টাল উন্মুক্ত করা হবে এবং ২৭ সেপ্টেম্বর ড্রাফট অনুষ্ঠিত হবে।

এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ এক বিবৃতিতে বলেন, "আজ আফগান ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক দিন। ট্রফির নাম ‘কোহ-ই-জাফর’ রাখার পেছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে। জয়ের পাহাড় একদিনে ছোঁয়া যায় না, এটি গড়ে ওঠে বছরের পর বছর ধরে। এই লিগটি দেশের প্রতিটি উদীয়মান ক্রিকেটারের আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার পথ সুগম করবে।"

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালেও পাঁচ দল নিয়ে আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসর সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও শহীদ আফ্রিদির মতো বিশ্বসেরা ক্রিকেটাররা সেই আসরে অংশ নিলেও পরবর্তীতে খেলোয়াড়দের পারিশ্রমিক ও প্রশাসনিক জটিলতায় টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। তবে সব বাঁধা পেরিয়ে নতুন উদ্যমে লিগটি ফের শুরু করতে যাচ্ছে এসিবি।

প্রথম ঘোষণায় এপিএলকে পাঁচ দলের টুর্নামেন্ট করার পরিকল্পনার কথা জানিয়েছিল এসিবি। তখন পাক্তিয়া ও নানগারহার প্রতিনিধিত্বকারী আরও দুটি ফ্র্যাঞ্চাইজির নামও আলোচনায় ছিল। তবে এখনো ওই দুই দলের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি। বাকি দুটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে এসিবি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।