Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

নিজের স্কুলের বিরুদ্ধে মামলা করলেন অবসর নেওয়া সেই অজি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

২৬ আগস্ট ২০২৬, ০৩:২৫ পিএম

২০১৪ সালে ফুটবল অনুশীলন সেশনে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে যাওয়ার পরও সঠিক ‘কনকাশন প্রোটোকল’ অনুসরণ না করার অভিযোগে নিজের প্রাক্তন স্কুল ‘ব্রাইটন গ্রামার’-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন সাবেক অস্ট্রেলীয় ওপেনার উইল পুকোভস্কি।

অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটিং প্রতিভা হিসেবে বিবেচিত পুকোভস্কি পুরো ক্যারিয়ারজুড়ে একের পর এক কনকাশনের (মাথায় আঘাতজনিত সমস্যা) কারণে ভোগান্তির শিকার হন এবং অবশেষে ২৬ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হন।

২০১৪ সালে স্কুলে ফুটবল অনুশীলনের সময় গুরুতর কনকাশনের শিকার হন পুকোভস্কি। দুর্ঘটনাবশত সতীর্থের হাঁটু তাঁর মাথায় লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পুকোভস্কির অভিযোগ, ওই ঘটনার পর স্কুল যথাযথ ব্যবস্থা নেয়নি। বরং তাঁকে আবার অনুশীলনে ফিরতে হয়েছিল।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিক্টোরিয়ার সুপ্রিম কোর্টে পুকোভস্কির আইনজীবীরা একটি রিট আবেদন দায়ের করেছেন। সেখানে উল্লেখ করা হয়, তৎকালীন ১৬ বছর বয়সী পুকোভস্কি অনুশীলনের সময় হাঁটুতে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়লেও স্কুল কর্তৃপক্ষ সঠিক প্রোটোকল মানতে ব্যর্থ হয়। অভিযোগ রয়েছে, অনুশীলনের সময় স্কুলের এক কোচ শিক্ষার্থীদের “শক্তভাবে ঝাঁপিয়ে পড়ার” জন্য উৎসাহিত করেছিলেন।

আবেদন অনুযায়ী, ঘটনার পর পুকোভস্কিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হলেও পরে আবার অনুশীলনে ফিরিয়ে আনা হয়। সে সময় কোনো উপযুক্ত চিকিৎসাগত পরীক্ষা করা হয়নি এবং তার বাবা-মাকেও তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয়নি। এর পরবর্তী দিনগুলোতে তীব্র মাথা ব্যথা, ঝাপসা দৃষ্টি ও বমি বমি ভাব দেখা দিলে পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাকে সব ধরণের শারীরিক কর্মকাণ্ড এবং স্কুলে যাওয়া বন্ধ রাখার পরামর্শ দেন।

ক্যারিয়ারজুড়ে অন্তত ১৩ বার কনকাশনের শিকার হওয়া পুকোভস্কি ২০২৫ সালে চিকিৎসকদের পরামর্শে মাত্র ২৬ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানান। ভিক্টোরিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫.১৯ গড়ে ২,৩৫০ রান করা এই ব্যাটার ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র টেস্ট খেলে একটি হাফ-সেঞ্চুরি করেছিলেন।