Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ফার্নান্দেস

স্পোর্টস ডেস্ক

২৬ আগস্ট ২০২৬, ০৯:২৩ এএম

২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২১টি অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়া ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেস পেশাদার ফুটবলারদের সংস্থা 'পিএফএ'-এর বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই বছরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

২০০৭ ও ২০০৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার হিসেবে ঐতিহ্যবাহী এই সম্মাননা জিতলেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। ২০২০ সাল থেকে ওল্ড ট্রাফোর্ডে খেলা ফার্নান্দেসের অধিনায়কত্বেই গেল মৌসুমে লিগ টেবিলে তিন নম্বর স্থানে থেকে লিগ শেষ করেছিল ইউনাইটেড। পুরো মৌসুমে ৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন রেকর্ডসংখ্যক গোল। এর মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে রেকর্ড ১২তম বার এই পুরস্কার ঘরে তুলল ক্লাবটির প্রতিনিধিরা।

অন্যদিকে উইমেনস সুপার লিগে সর্বোচ্চ ২১ গোল করা ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড খাদিজা শ দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৪ সালেও এই খেতাব জিতেছিলেন তিনি।

বর্ষসেরা তরুণ ফুটবলার ও অন্যান্য পুরস্কার
পিএফএ বর্ষসেরা তরুণ পুরুষ খেলোয়াড়: নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি)। ২১ বছর বয়সী এই অজি/ইংলিশ লেফট-ব্যাক সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৯টি গোল করে এই খেতাব জেতেন।

পিএফএ বর্ষসেরা তরুণ নারী খেলোয়াড়: ওলিভিয়া স্মিথ (আর্সেনাল)। ২২ বছর বয়সী এই আর্সেনাল স্ট্রাইকার টানা দ্বিতীয়বারের মতো সেরা তরুণীর পুরস্কার হাতে তোলেন।

পিএফএ বর্ষসেরা প্রিমিয়ার লিগ টিম 
গোলরক্ষক: ডেভিড রায়া (আর্সেনাল)

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি), উইলিয়াম সালিবা (আর্সেনাল), জুরিয়েন টিম্বার (আর্সেনাল)

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেক্লান রাইস (আর্সেনাল), রায়ান চেরকি (ম্যানচেস্টার সিটি)

ফরোয়ার্ড: আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), অ্যান্টোইন সেমেনিও (ম্যানচেস্টার সিটি), ইগোর থিয়াগো (ব্রেন্টফোর্ড)