স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন ব্যাটারদের জন্য অত্যন্ত কঠিন হলেও আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলবে বলে মনে করছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স।
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। যদিও ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজ ১-১ সমতায় শেষ হয়, তবুও সেই পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের আত্মবিশ্বাস বাড়াবে বলে বিশ্বাস এই সাবেক অধিনায়কের। আগামী নভেম্বরে প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।
এক পডকাস্টে ডি ভিলিয়ার্স বলেন, “আমার মনে হয় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ভালো লড়াই উপহার দেবে। বিশেষ করে ব্যাটারদের জন্য এটি বিশ্বের অন্যতম কঠিন একটি জায়গা। কারণ সেখানে বল শুধু বাতাসে সুইং করে না, উইকেটে পিচ করার পর মুভমেন্টও করে। এ ধরনের কন্ডিশনে খেলে সবাই অভ্যস্ত নয়, তাই পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন।”
দক্ষিণ আফ্রিকা ও ভারত ছাড়া টেস্ট খেলা বাকি সব দেশেই জয় পাওয়ার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ব্যাটারদের আরও বেশি ইতিবাচক মানসিকতা নিয়ে খেলার পরামর্শ দেন ডি ভিলিয়ার্স।
নিজের ব্যাটিং কৌশলের উদাহরণ টেনে তিনি আরও যোগ করেন, “কঠিন কন্ডিশনে টিকে থাকতে হলে ব্যাটারদের কার্যকর কৌশল অবলম্বন করতে হবে। শুধুই স্ট্যাম্প ঢেকে দিনভর ক্রিজে টিকে থাকার চেষ্টা করলে হবে না। মাঝেমধ্যে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে কিংবা নতুন কোনো কৌশল নিয়ে বোলিং আক্রমণ ভেঙে দিতে হবে। সব সময় সুযোগ বুঝে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।”
সিরিজের প্রথম টেস্টটি ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গে এবং দ্বিতীয় টেস্টটি ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।