স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ১১:৫৫ এএম
শুক্রবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসর। আট দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশের মূল লক্ষ্য এবার শুধু সেমিফাইনাল নয় ফাইনালে পৌঁছানো। বারবার সেমিতে আটকে থাকার হতাশা কাটিয়ে এবার সেই বাধা ভাঙতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও তার সতীর্থরা।
আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টের আগে গতকাল মিরপুরে অফিশিয়াল ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে জ্যোতি স্পষ্ট করে বলেছেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি; বারবার এই জিনিসটাই হচ্ছে। আমরা এই বাধা এবার ভাঙতে চাই।”
তিনি আরও বলেন, সেমিফাইনাল পেরোতে পারলে ফাইনালে শিরোপার স্বপ্নও দেখা যাবে। ধাপে ধাপে পরিকল্পনা করেই এগোচ্ছে দল।
প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট অধিনায়ক। সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া ও ফ্লাডলাইটের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দেশে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে দল। জ্যোতি বলেন, “প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আন্ডার লাইট যেহেতু সবগুলো গেম ওখানে, তাই এখানে আমরা দুটি প্র্যাকটিস ম্যাচ খেলেছি। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি খুব ভালো ছিল।”
এবারের আসরে বাংলাদেশ খেলবে বি গ্রুপে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ২৯ আগস্ট আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে টাইগ্রেসরা। পুরো প্রতিযোগিতার পর্দা নামবে ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে।
সর্বশেষ আসরেও সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ, কিন্তু ভারতের কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি। এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য এসেছিল ২০১৮ সালে, ফাইনালে ভারতকে হারিয়ে একমাত্র শিরোপা জয়।
এশিয়া কাপের পরই রয়েছে এশিয়ান গেমস। সেখানেও পদক জয়ের স্বপ্ন দেখছে দল। গত আসরে ব্রোঞ্জ জেতা বাংলাদেশ এবার আরও বড় কিছু চায়। জ্যোতি বলেন, “এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, সিলভার পেয়েছিলাম ২০১০ সালে। একটা পদক যেন আমরা নিয়ে আসতে পারি, সেটাই মূল বিষয়। আর সেটা যদি স্বর্ণ হয়, তাহলে আরও বড় হবে।”