স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম
কলম্বোর টেস্ট মাঠে যখন তিন অঙ্কের ঘরে পৌঁছালেন ধ্রুব জুরেল, তখন শুধু ব্যাট উঁচু করা বা সহকর্মীকে জড়িয়ে ধরার দৃশ্যই দেখা গেল না। ক্যামেরা জুম ইন করতেই তার বাম হাতের বাইসেপসে হিন্দি হরফে চারটি শব্দ স্পষ্ট হয়ে উঠল ‘জয় জাওয়ান, জয় কিষান’।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনের খেলায় ভারতের এই তরুণ উইকেটকিপার-ব্যাটার গড়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। স্বীকৃত ব্যাটাররা ফিরে যাওয়ার পর শেষ দিকে বোলারদের সঙ্গে থেকেই তিনি কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছেছেন। তবে ৯৯ থেকে ১০০-এ যেতে লেগেছে ১৩টি বল। শেষ পর্যন্ত আসিতা ফার্নান্দোর বলে মিড-অফে খেলে দৌড় দিয়ে রান পূর্ণ করেন। দেরি হয়ে গিয়েছিল, দূর থেকে ডাইভ দিয়ে রান আউটের হাত থেকে অল্পের জন্য বেঁচে যান তিনি।
সেঞ্চুরির পর মোহাম্মদ সিরাজকে জড়িয়ে ধরে ব্যাট তুলে ধরেন জুরেল। তারপরই হাতের লেখাটি দেখিয়ে আবার ব্যাট উঁচু করেন। দিনের খেলা শেষে এর কারণ জানিয়েছেন তিনি নিজেই।
“আমার দাদা ছিলেন কৃষক, বাবা ছিলেন সৈনিক। এগুলোই আমার শিকড়, যেখান থেকে আমি এসেছি। আমি সেটা ভুলতে চাই না। এই উদযাপন ছিল আমার বাবা আর দাদার জন্য।”
সেঞ্চুরির পথে সবচেয়ে বড় সহায় হয়েছেন রিশভ পান্ত। আগের দিন চোট নিয়ে মাঠ ছাড়া পান্ত আবার ফিরে এসে জুরেলের সঙ্গে ১৫২ বলে ১১২ রানের জুটি গড়েন। ষষ্ঠ উইকেট পড়ার পর দুজন মিলে দলকে এগিয়ে নিয়ে যান। পান্ত ৮৯ বলে ৬৩ রান করে আউট হন (৬ চার, ২ ছক্কা)। এরপর জুরেল বাকিদের নিয়ে সেঞ্চুরি ও দলের পাঁচশ রান পূর্ণ করেন।
পান্তের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা নিয়ে জুরেল বলেন, “আমরা সবাই জানি পান্ত কতটা দারুণ খেলোয়াড়। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডে তিনি ভারতের জন্য কী করেছেন। যখন তিনি ক্রিজে থাকেন, আমি তার পরামর্শ নিই। তার অভিজ্ঞতা অনেক। কোন পরিস্থিতিতে কী করা উচিত, সেটা সবসময় তার কাছ থেকে জানতে চাই।”