Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

মুস্তাফিজের বোলিংকে কবিতার সঙ্গে তুলনা করে অপেক্ষায় দুবাই

স্পোর্টস ডেস্ক

২৫ আগস্ট ২০২৬, ০৯:৩০ এএম

কাটার আর ইয়র্কারের জাদুতে ব্যাটারদের হিমশিম খাওয়ানো মুস্তাফিজুর রহমান আবারও দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামবেন। আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসরের আগে ফ্র্যাঞ্চাইজিটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করে জানিয়েছে, বাঁহাতি পেসারকে ধরে রাখা হয়েছে।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কবিতা কে না ভালোবাসে? আর ফিজের বোলিং দেখা; সেটাই তো এর সেরা রূপ। মুস্তাফিজুর রহমান খুব শিগগিরই আবার আমাদের রঙে ফিরবেন।’ বোল্ড করে আরও বলা হয়েছে, ‘ফিজকে আবার মাঠে ফিরতে দেখার অপেক্ষায়।’

গত আসরে দুবাইয়ের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে বেশ উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও এলিমিনেটর পর্ব থেকেই বিদায় নিতে হয়। শিরোপা তুলে নেয় ডেজার্ট ভাইপার্স। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবার শক্তিশালী দল গড়তে চাইছে দুবাই।

মুস্তাফিজের পাশাপাশি আগের আসরের দল থেকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোভম্যান পাওয়েলকেও ধরে রাখা হয়েছে। সরাসরি চুক্তিতে দলে এসেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নূর আহমাদ।

আইএলটি-টোয়েন্টির এবারের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর। টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস। ফাইনাল খেলা হবে ২০ ডিসেম্বর।