স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম
১২৫ ওভারে পড়েছে ৩০টি উইকেট, দুই দিনেরও কম সময়ে টেস্ট ম্যাচের মীমাংসা- এমন এক অবিশ্বাস্য ঘটনার পরও গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার ম্যাকাই পিচ পেতে যাচ্ছে সর্বোচ্চ মানসম্মত রেটিং।
‘সেভেন ক্রিকেট’-এর প্রধান ক্রিকেট রিপোর্টার টম মরিস জানিয়েছেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যবহৃত এই উইকেটকে ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন ‘ভেরি গুড’ (সবচেয়ে ভালো) গ্রেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আইসিসির আনুষ্ঠানিক অনুমোদনের পর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।
আইসিসির নীতিমালায় ‘ভেরি গুড’ হচ্ছে সর্বোচ্চ রেটিং, যার অর্থ ম্যাচের শুরুতে পিচে ব্যাটার ও বোলারদের জন্য সমান সুযোগ, পরিমিত সিম মুভমেন্ট এবং চমৎকার বাউন্স বিদ্যমান থাকা।
ম্যাচটি দুই দিনের মধ্যে শেষ হয়ে গেলেও উইকেটের কোনো দোষ দেখছেন না অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "উইকেটটি সত্যি বেশ ভালো ছিল। আমার মনে হয় না ম্যাচটি দুই দিনে শেষ হওয়ার মতো কোনো পিচ ছিল এটি। প্রথম দিনে কিছুটা সিম মুভমেন্ট ছিল, যা যেকোনো টেস্টেই স্বাভাবিক। কিন্তু বলের উজ্জ্বলতা কমে যাওয়ার পর বোলারদের জন্য তেমন বাড়তি সুবিধা ছিল না।"
যদিও দুই ইনিংসে হ্যাজলউড নিজে পেয়েছেন মাত্র ১টি উইকেট, তবে প্রতিপক্ষ বাংলাদেশকে লন্ডভন্ড করার মূল কারিগর ছিলেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে ১২ রানে ৬টি এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৪টিসহ ম্যাচে মোট ১০ উইকেট শিকার করে একাই ধসিয়ে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।