Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ইনফান্তিনোকে সরিয়ে ফিফা সভাপতি হতে চান কি না, জানালেন সেফেরিন

স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ক্ষমতা ছাড়তে হবে অথবা আগামী বছরের মার্চে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উয়েফা প্রধান আলেকসান্ডার সেফেরিন। তবে বিতর্কিত এই ফিফা প্রধানকে হটিয়ে নিজে সেই পদে লড়াই করার কোনো আগ্রহ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

ফিফা টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার একটি প্রস্তাবকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থাটির প্রধান ইনফান্তিনোর ওপর পদত্যাগের চাপ বাড়ছে। উয়েফা ইতোমধ্যেই ফিফার টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছে এবং ইউরোপীয় ফুটবলের পাশাপাশি একাধিক মহাদেশীয় ও জাতীয় ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে।

সোমবার 'দ্য রেস্ট ইজ পলিটিক্স' পডকাস্টে কথা বলার সময় ৫৮ বছর বয়সী উয়েফা প্রধান সেফেরিন নিজে ফিফা প্রধান হওয়ার দৌড়ে নামার সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, "প্রথমত, আমি উয়েফাকে ভালোবাসি এবং এখানে কাজ করতে পছন্দ করি। দ্বিতীয়ত, আমি যদি এই পদের জন্য আগ্রহী না হই, তবে আমার কথার গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে।"

২০২৭ সালের মার্চে মরক্কোয় অনুষ্ঠেয় পরবর্তী ফিফা কংগ্রেসে ইনফান্তিনোর আর টিকে থাকা সহজ হবে না বলে মনে করেন সেফেরিন। তিনি জানান, ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনা প্রকাশের পর থেকে তাঁর সঙ্গে আর কোনো কথা হয়নি।

ভবিষ্যতের চিত্র তুলে ধরে সেফেরিন বলেন, "এখানে দুটি পথ খোলা আছে। প্রথমত, ইনফান্তিনো নিজে বুঝতে পেরে সরে দাঁড়াবেন যে ফুটবল সম্প্রদায়, সমর্থক, খেলোয়াড় ও কোচদের সমর্থন আর তাঁর পক্ষে নেই। আর দ্বিতীয় পথ হলো- তিনি যদি মার্চে নির্বাচনে যান, তবে নিশ্চিতভাবেই তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়াবে। তবে কে সেই প্রার্থী, তা এখনও আমি জানি না।"

ফুটবল অঙ্গনে গুঞ্জন রয়েছে, ফুটবল বিশ্বের প্রভাবশালী এই পদের লড়াইয়ে ইনফান্তিনোর জায়গায় প্রার্থী হতে পারেন কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগ্লিয়ানি কিংবা এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা।