স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৬:৪৮ এএম
মাঠে বল নিয়ে তীব্র বেগে ছুটে চলার সময় বাতাসে উড়তে থাকা লম্বা সোনালি চুল, আর্লিং হলান্ড বললেই ফুটবলপ্রেমীদের চোখে এই চিরচেনা দৃশ্যটিই সবার আগে ভেসে ওঠে। কিন্তু গোলমেশিন খ্যাত এই নরওয়েজিয়ান স্ট্রাইকার এবার মাঠে নামার আগেই জন্ম দিলেন ভিন্ন এক চমকের। নিজের সেই ‘সিগনেচার’ লম্বা চুল পুরোপুরি ছেঁটে ফেলে একেবারে ছোট করে ফেলেছেন তিনি! ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে মাঠে নামার আগে তার এই নতুন অবতার দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন সতীর্থ থেকে শুরু করে খোদ কোচও।
নতুন মৌসুমের শুরুতে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নেমেছে ম্যানচেস্টার সিটি। আর এই ম্যাচের ঠিক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দেন হলান্ড। ভিডিওটিতে দেখা যায়, নিজের শখের লম্বা চুলগুলো কেটে ফেলছেন তিনি। কেবল চুল কাটার দৃশ্যই নয়, নতুন এই রূপ ধারণ করার পর পরিচিতজনদের ভিডিও কল করে তাদের চমকে দেওয়ার মজার মুহূর্তগুলোও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা।
তার এই সারপ্রাইজ ভিডিও কলের তালিকায় ছিলেন ম্যানচেস্টার সিটির গুরু পেপ গার্দিওলাও। প্রিয় শিষ্যকে এমন অচেনা রূপে দেখে প্রথমে রীতিমতো চমকে গিয়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন তিনি। এরপরই স্বভাবসুলভ রসিকতায় মেতে ওঠেন এই স্প্যানিশ কোচ। টাকমাথা গার্দিওলা আক্ষেপের সুরে হলান্ডকে বলেন, ‘তোমার অন্তত চুল আছে, এটাই তোমার বড় সৌভাগ্য। আমার মাথায় এমন চুল থাকলে আমি দারুণ খুশি হতাম!’ কোচের এমন কথায় হাসিতে ফেটে পড়েন হলান্ডও।
বাদ যাননি সতীর্থ ও সাবেক তারকারাও। সিটিতে হলান্ডের সতীর্থ জ্যাক গ্রিলিশ তো নতুন রূপ দেখে তাকে ১০ বছরের ছোট্ট শিশুর সঙ্গে তুলনা করে বসেছেন! তবে সবচেয়ে মজার ও কড়া প্রতিক্রিয়া এসেছে সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচের কাছ থেকে। হলান্ডকে দেখেই তিনি বিস্ময় নিয়ে বলে ওঠেন, ‘তুমি নিজের এ কী হাল করেছ!’ এরপর মজার ছলে যোগ করেন, ‘এখনই আমার নম্বর ডিলিট করো আর আমাকে ব্লক করে দাও। আমার স্ত্রী তো বলছে, তুমি আস্ত একটা পাগল!’