Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

টাইগারদের সুবাদে ২১ বছর পর টেস্ট ক্রিকেটে এলো এমন দিন 

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ডারউইনে সিরিজের প্রথম ম্যাচে একদিন হাতে রেখেই ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। এমন জয়ে সিরিজ জয়ের স্বপ্নও দেখেছিল সফরকারীরা। তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হল। ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস এবং ৫১ রানে পরাজিত হয়েছে টাইগাররা। সেই সঙ্গে গড়েছে কিছু লজ্জার রেকর্ডও। 

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ের সামনে রীতিমত বিধ্বস্ত হয়ে যায় টাইগারদের ব্যাটিং লাইন আপ। সর্বনিম্ন রানে অল আউট হওয়ার শঙ্কাও ছিল তবে লোয়ার অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৬৪ রান করতে পারে বাংলাদেশ। 

এরপর দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ অল আউট হয়ে যায় একশ রানের সংগ্রহ গড়ার আগেই। অজি বোলারদের আগুনঝরা বোলিংয়ে ৯৫ রানে অলআউট হয়ে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারে। 

ম্যাকাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সমান রানও করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিরা গড়েছিল ২১০ রানের সংগ্রহ। এদিকে দুই ইনিংসেই একশর নিচে অল আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ।

দুই ইনিংসেই একশর নিচে অলআউট হওয়ার রেকর্ডে নাম লিখিয়েছে টাইগাররা। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে আরও সতেরোবার কোনো দলের এমন একশর নিচেই দুই ইনিংসে অলআউট হওয়ার নজির আছে। সবশেষ ২০০৫ সালে এমন ঘটনা ঘটেছিল। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯ এবং ৯৯ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। 

২০০৫ সালের পর ২১ বছরের বিরতি দিয়ে টেস্ট ক্রিকেটে আবার দেখা মিলল এমন দৃশ্যের। এদিকে দ্বিতীয় টেস্টে এমন হারের পর টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত দায় চাপিয়েছেন ব্যাতিংয়ের উপরই। তিনি বলেন, ‘আমার মনে হয় দ্বিতীয় ইনিংসে আমরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারতাম। তবে ওরাও যখন ব্যাটিং করেছে, অনেক স্ট্রাগল করেছে। উইকেটটা অনেক কঠিন ছিল, এটা অবশ্যই মানতে হবে।’