স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম
ম্যাকাইয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ রানে আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মার্নাস লাবুশেনের টেস্ট ক্যারিয়ার বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। এর আগে প্রথম টেস্টের দুই ইনিংসে ১ ও ৩১ রান করার পর এই ম্যাচে শরিফুল ইসলামের বলে বোল্ড হয়ে দ্রুত সাজঘরে ফেরেন তিনি। তার টানা ব্যর্থতায় রিকি পন্টিং, মার্ক ওয়াহর মতো সাবেক অজি ক্রিকেটাররা তাকে দল থেকে বাদ দেওয়ার বা ক্যারিয়ারের শেষ দেখার জোর দাবি তুলেছেন।
চ্যানেল সেভেনে রিকি পন্টিং বলেন, “নির্বাচকরা লাবুশেনকে ফর্মে ফেরাতে যে সুযোগগুলো দিয়েছেন আমি সেটির প্রশংসা করি, তবে এই সময়টা অনেক দীর্ঘ হয়ে গেছে। আমি সিরিজের শুরুতেই তাকে বাদ দেওয়ার পক্ষে ছিলাম। কারণ তার ফর্মে ফেরার কোনো ইঙ্গিত আমি দেখতে পাচ্ছিলাম না। আজ সে কিছুটা ভাগ্যের সহায়তা পায়নি ঠিকই, তবে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে টেস্টে তার কোনো সেঞ্চুরি নেই। তার ব্যাকফুট কৌশলে বড় ধরনের ত্রুটি রয়েছে। আমার মনে হয় এখন অন্য কাউকে পরখ করে দেখার সঠিক সময়।”
২০২৩ সালের জুলাইয়ে ওল্ড ট্র্যাফোর্ডে শেষবার টেস্ট সেঞ্চুরি করা লাবুশেন ২০২৩-২৪ মৌসুমের পর থেকে গড়ে মাত্র ২৫.৪৩ রান করেছেন। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও তিনি একাদশের বাইরে ছিলেন।
সাবেক নির্বাচক ও কিংবদন্তি ব্যাটার মার্ক ওয়াহ বলেন, “ট্র্যাভিস হেডকে মিডল অর্ডারে নামাতে হলে ওপেনিংয়ে নতুন কাউকে প্রয়োজন। সে ক্ষেত্রে মার্নাস আর কত সুযোগ পাবে? এই ম্যাচে হয়তো সে আর ব্যাটিংয়ের সুযোগই পাবে না। এটিই হয়তো অস্ট্রেলিয়ার হয়ে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে।”
একই সুর মেলান সাবেক অজি অধিনায়ক অ্যালিসা হিলিও, “আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দলে কিছু পরিবর্তন এনে নতুন রক্ত জোগানো প্রয়োজন। এটি বলতে খারাপ লাগলেও এখন বিকল্প নিয়ে ভাবার সময় এসেছে।”
চ্যানেল সেভেনের বিশ্লেষণে সাইমন ক্যাটিচ যোগ করেন, “লাবুশেন উইকেটে বল আসার সময় মানসিকভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছেন- ফ্রন্টফুটে যাবেন নাকি ব্যাকফুটে। তিনি পুরোপুরি বিভ্রান্ত অবস্থায় আছেন।”
ম্যাচে বাংলাদেশকে ৬৪ রানে গুটিয়ে দিয়ে অস্ট্রেলিয়া ইতোমধ্যে ১০০ রানের বেশি লিড পাওয়ায় লাবুশেন দ্বিতীয় ইনিংসে বড় স্কোর করার সুযোগ পাবেন কি না, তা নিয়েও বড় প্রশ্ন রয়ে গেছে।