Dhaka Mail Logo

স্পোর্টস / অন্যান্য

বোল্টের বিশ্বরেকর্ড ভাঙল চীনের হিউম্যানয়েড

স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট ২০২৬, ০৬:৪০ পিএম

জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসেইন বোল্টের ১০০ মিটার দৌড়ের ঐতিহাসিক বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে চীনের স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর তৈরি হিউম্যানয়েড রোবট ‘লাইটনিং’। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রস্তুতিমূলক এক ট্রায়ালে ১০০ মিটার দৌড় শেষ করতে রোবটটি সময় নিয়েছে মাত্র ৯.৩২ সেকেন্ড।

বেইজিংয়ে শুরু হওয়া ‘দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’-এর ট্রায়াল ইভেন্টে এই অভাবনীয় সাফল্য অর্জন করে লাইটনিং। দৌড়ানোর সময় রোবটটি সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ১৪.৫ মিটার গতি স্পর্শ করে। ২০০৯ সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন উসেইন বোল্ট।

উৎপাদন খাত, লজিস্টিকস ও নিত্যব্যবহার্য ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও হার্ডওয়্যারের ব্যবহার দ্রুত বাড়াতে হিউম্যানয়েড রোবট শিল্পকে কৌশলগতভাবে অগ্রাধিকার দিচ্ছে চীন সরকার।

এর আগে গত এপ্রিলে অনুষ্ঠিত ২১ কিলোমিটারের ‘বেইজিং হাফ ম্যারাথন’-এ ৫০ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে জয়ী হয়েছিল লাইটনিং। পেশাদার দৌড়বিদদের চেয়েও দ্রততম সময়ে সেই ম্যারাথন শেষ করেছিল সে।

চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, হাফ ম্যারাথনের সময় ১৬৯ সেন্টিমিটার উচ্চতার এই রোবটটির পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের আগে গবেষকরা এর পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১.০৫ মিটার করেন।