Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

১৮ উইকেটের রোমাঞ্চকর দিনে শরিফুলের ৬, আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট ২০২৬, ০১:৫৭ পিএম

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে প্রথম দিনেই পতন ঘটল রেকর্ড ১৮টি উইকেটের! পেসারদের একচ্ছত্র আধিপত্যে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের উদ্বোধনী দিনটি পরিণত হয়েছে রোমাঞ্চকর এক বোলিং নাটকে। 

অজি স্পিডস্টার মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে গুটিয়ে গিয়ে চরম ব্যাকফুটে চলে গিয়েছিল সফরকারীরা। তবে সেই ধাক্কা সামলে বল হাতে একাই দৃশ্যপট বদলে দেন পেসার শরিফুল ইসলাম। তাঁর ক্যারিয়ারসেরা ৬ উইকেটের তাণ্ডবে দিনশেষে আয়োজকদের ৮ উইকেটে ১৬৫ রানে আটকে রেখে ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন-বিরল রেকর্ড শরিফুলের

আরও পড়ুন-বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী ফাইফারে ইতিহাস স্টার্কের

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের প্রথম বলেই ওপেনার শাদমান ইসলামকে ফেরান স্টার্ক। এরপর রান খাতা খোলার আগেই বিদায় নেন তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ১২ রানে ৫ উইকেট হারিয়ে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহের লজ্জার মুখে পড়ে সফরকারীরা। 

সেখান থেকে দশ নম্বরে নামা শরিফুল ইসলামের ১৪ রান এবং শেষ উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ২৫ রানের প্রতিরোধ বাংলাদেশকে কোনোমতে ৬৪ রান পর্যন্ত নিয়ে যায়। স্টার্ক ১০ ওভারে মাত্র ১২ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট।

আরও পড়ুন- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

জবাবে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের বলে দ্রুত সাজঘরে ফেরেন অজি ওপেনার ম্যাট রেনশ। এরপর বোলিং আক্রমণে এসেই অস্ট্রেলীয় শিবিরে কম্পন ধরান শরিফুল; দ্রুত ফিরিয়ে দেন ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশেনকে। স্টিভ স্মিথ (৪২) ও ক্যামেরন গ্রিন ৭৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সেই স্মিথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ব্রেকথ্রু এনে দেন শরিফুলই।

এরপর মেহেদী হাসান মিরাজ এক উইকেট শিকার করলে শরিফুল একে একে তুলে নেন বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের উইকেট। 

প্রথম দিন শেষে ৪০ ওভার ব্যাট করে অজিদের সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান, ফলে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১০১ রানে।

এসটি