Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ম্যাকাইতে বিরল রেকর্ড শরিফুলের

স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট ২০২৬, ০৯:৫৭ এএম

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় যেন বাংলাদেশ ক্রিকেটের এক কালো অধ্যায় লেখা হয়ে গেল। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩৪ ওভারে ৬৪ রানেই গুটিয়ে গেল টাইগাররা। এই বিপর্যয়ের মাঝেও এক অদ্ভুত রেকর্ড গড়ে ফেললেন পেসার শরিফুল ইসলাম। ১১ নম্বরে নেমে তিনি করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম।

টেস্ট ইতিহাসে এটি ১৩তম বারের মতো কোনো দলের ১১ নম্বর ব্যাটার সর্বোচ্চ রান করেছেন। শরিফুলের ১৪ রানের পরেই আছে ৯ নম্বরে নামা তাইজুল ইসলামের ১২ রান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এর আগে শুধু তালহা জুবাইর এমন রেকর্ড করেছিলেন। ২০০৪ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ১১ নম্বরে নেমে তিনি ৩১ রান করেছিলেন, যখন দল গুটিয়েছিল ১২৪ রানে।

এবারের স্কোর বাংলাদেশের টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন। একসময় ৩৯ রানে ৯ উইকেট হারিয়ে বসেছিল দল। শেষ উইকেটে তাইজুল-শরিফুলের ২৫ রানের জুটিই রক্ষা করেছে আগের তিনটি সর্বনিম্ন স্কোর থেকে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৩ এবং ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬২ রানের রেকর্ড এবার টপকে গেছে।

এই ধ্বংসযজ্ঞের মূল নায়ক মিচেল স্টার্ক। বাঁহাতি পেসার একপর্যায়ে মাত্র ২২ বলে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। শেষ পর্যন্ত ১০ ওভারে ৬ মেডেনসহ মাত্র ১২ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে মাটিতে মিশিয়ে দিয়েছেন তিনি।