Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ইয়ামালদের বিশ্বকাপ জেতানো কোচকে রেখে দিচ্ছে স্পেন

স্পোর্টস ডেস্ক

২১ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতানোর পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেসের চুক্তির মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। স্প্যানিশ মাধ্যমগুলোর খবর অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত থাকা বর্তমান চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত বা তারও বেশি সময় তাকে দায়িত্বে রাখার পরিকল্পনা করা হচ্ছে।

আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে কোচের ভবিষ্যত নিয়ে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।

লুজান বলেন, “আমার মনে হয় এটি লুইসের প্রাপ্য এবং আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বর্তমান মেয়াদী চুক্তিটি ২০২৮ সালে শেষ হবে, তবে আমরা চাই তিনি ২০৩০ বিশ্বকাপের অংশ হন এবং সেই সময়সীমা পর্যন্ত তার চুক্তিটি প্রসারিত হোক।”

জাতীয় দলের সর্বস্তরে কাজের অভিজ্ঞতা ও সাফল্য তুলে ধরে আরএফইএফ সভাপতি আরও জানান, “তার কাজের প্রতি আন্তরিকতা, কঠোর পরিশ্রম ও বিনয়ী মনোভাবই আজ এই স্প্যানিশ দলকে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছে। অনূর্ধ্ব পর্যায় থেকে শুরু করে মূল দল পর্যন্ত তার শিরোপা জয়ের রেকর্ডই প্রমাণ করে কেন তিনি এই চুক্তির যোগ্য।”

স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিজেদের মাঠে আয়োজন করতে চায় স্পেন। এ বিষয়ে রাফায়েল লুজান স্পেনের অবস্থান পরিষ্কার করে বলেন, “পুরুষ ও নারী- উভয় ক্যাটাগরিতেই স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন। এমন একটি মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ স্পেন আয়োজনের সুযোগ না পেলে তা মেনে নেওয়া কঠিন হবে।”

ফলে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিজেদের মাটিতে আয়োজনের চেষ্টার পাশাপাশি লুইস ডি লা ফুয়েন্তেসকে সেই সময় পর্যন্ত প্রধান কোচের দায়িত্বে বহাল রাখতে পুরোদমে কাজ করে যাচ্ছে আরএফইএফ।