স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম
ফরাসি ওপেন ও উইম্বলডনে খেলোয়াড়দের ক্ষতিপূরণ ও প্রাইজমানি সংক্রান্ত ক্ষোভ ও প্রতিবাদের মুখে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ)। প্রথমবারের মতো ইউএস ওপেনের মোট প্রাইজমানির পরিমাণ ১০০ মিলিয়ন ডলার অতিক্রম করে পৌঁছেছে রেকর্ড ১০৮ মিলিয়ন ডলারে (প্রায় ১,০৮০ কোটি টাকা)। এটি গত বছরের ৮৫ মিলিয়ন ডলারের তুলনায় ২০ শতাংশ বেশি।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষ ও নারী একক চ্যাম্পিয়নদের প্রত্যেকে পাবেন ৫.৫ মিলিয়ন ডলার করে। এছাড়া প্রথম রাউন্ডে বিদায় নেওয়া খেলোয়াড়দের প্রাইজমানি বাড়িয়ে করা হয়েছে ১,৪০,০০০ ডলার। ডাবল ও হুইলচেয়ার টুর্নামেন্টসহ সব ক্যাটাগরিতেই এই পুরস্কারের অর্থ বণ্টন করা হয়েছে।
প্রাইজমানি বৃদ্ধির পাশাপাশি চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট- অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন যৌথভাবে একটি 'গ্র্যান্ড স্লাভ প্লেয়ার অ্যাডভাইজরি কাউন্সিল' গঠনের ঘোষণা দিয়েছে। টুর্নামেন্ট আয়োজকদের সাথে খেলোয়াড়দের সরাসরি যোগাযোগ, মতামত ও সহযোগিতা নিশ্চিত করতেই এই কাউন্সিল গঠন করা হচ্ছে, যা চলতি ইউএস ওপেন শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
বিশ্বের এক নম্বর তারকা ইয়ানিক সিনার ও আরিনা সাবালেঙ্কার মতো শীর্ষ খেলোয়াড়রা সম্প্রতি প্রাইজমানির বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে মিডিয়া বয়কট করেছিলেন। সাবালেঙ্কা স্পষ্ট করে বলেন, তাদের এই আন্দোলন নিজেদের জন্য নয়, বরং নিচের সারির খেলোয়াড়দের অধিকার রক্ষার জন্য, যারা কোচ নিয়োগ করতেও হিমশিম খায়।
ইউএসটিএ-র চেয়ারম্যান ব্রায়ান ভাহালি জানান, নতুন এই কাউন্সিল থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতে খেলোয়াড়দের জীবনযাপন ও অবসরকালীন সুরক্ষায় ২ মিলিয়ন ডলারের নতুন একটি সাপোর্ট প্রোগ্রাম চালু করা হবে। ইউএসটিএ-র প্রধান নির্বাহী ক্রেইগ টাইলি প্রাইজমানি বৃদ্ধি ও কাউন্সিল গঠনকে অ্যাথলেটদের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
বিশ্বের ৬ নম্বর তারকা বেন শেলটন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “গ্র্যান্ড স্লাভ আয়োজকদের টেবিলে আমাদের এক সাথে বসার দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। এতে খেলোয়াড়দের মত প্রকাশের বড় সুযোগ তৈরি হলো।”