Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

এ বছর হচ্ছে না বিপিএল, জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম

বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে বিসিবি আয়োজিত এ টুর্নামেন্ট এ বছর হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

টুর্নামেন্ট আয়োজনের জন্য বোর্ডের হাতে যথেষ্ট সময় নেই বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বিসিবির সভাপতি তামিম। আজ মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা দিতে এসে বিপিএল নিয়েও কথা বলেন তামিম। 

বিপিএল আয়োজনকে একটি গোছানো প্রক্রিয়ার মধ্যে আনতে চান তামিম। এর আগের বছরগুলোতে কোনো আসরেই কোনোকিছুই ঠিকঠাক হয়নি৷ তিনি এভাবে বিপিএল আয়োজন করতে চান না। সে কারণে এবার এই আসর বন্ধ রেখে পরবর্তী আসর থেকে নতুন আঙ্গিকে বিপিএল আয়োজনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাগুলো ঠিক করতে পারছি না, ততক্ষণ লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়।’

বিপিএল আয়োজন করার মত যথেষ্ট সময় বোর্ডের কাছে আছে কি না জানতে চাইলে তামিম বলেন, ‘আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হবে না।’

বিপিএল না হলে ক্রিকেটাররা হতাশ হবে জানলেও এ বছর আয়োজন করতে চান না তিনি। তামিম বলেন, ‘আমি খেলোয়াড় থাকলে নিজেও হতাশ হতাম। তাদের আর্থিক ক্ষতি হবে এটা আমি অস্বীকার করি না। কিন্তু তারাও বোঝে যে এই টুর্নামেন্টটা এমন হওয়া উচিত, যা নিয়ে বিসিবি গর্ব করতে পারে। গত কয়েক বছরে যা হয়েছে তা নিয়ে কি আমরা গর্বিত? হয়তো না।’

তিনি বলেন, ‘খেলোয়াড়রাও একমত যে জিনিসটা সুন্দরভাবে হওয়া উচিত। যুক্তি আলাদা হতে পারে, কিন্তু আমার কাছে মূল বিষয় হলো টুর্নামেন্টটা ঠিকঠাক চালানো। বিপিএল একটা গ্রেট প্রোডাক্ট আর এটা নিয়ে প্রচুর আগ্রহ আছে। এটাকে ঠিকঠাক করতে পারলে আগ্রহ আরও বাড়বে।’

সময় লাগলেও ঠিকঠাক ভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চান জানিয়ে তামিম বলেন, ‘আমাদের ইনটেনশন ১০০০ শতাংশ আছে বিপিএল করার। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি ঠিকঠাক মতো করতে চাই, তাতে যদি ৬ মাস বা ১২ মাস সময় লাগে, আমি নেব।’