Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ভারত না এলে বিকল্প ভাবনায় বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম

সেপ্টেম্বরের আকাশটা একসময় ভারতীয় জার্সির রঙে রঙিন হওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশের ক্রিকেট। তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি। এমন সূচি নিয়ে অপেক্ষায় ছিল বিসিবি। কিন্তু দিন যত এগোচ্ছে, সেই স্বপ্নের রঙ ততই ফিকে হয়ে আসছে। এখন প্রশ্নটা অন্য জায়গায়, ভারত না এলে সেই ফাঁকা সময়টাকে কীভাবে কাজে লাগানো যায়?

জানা গেছে, ভারত সিরিজ না হওয়ার আশঙ্কা বাড়তে থাকায় বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় উঠে এসেছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব। নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরব আমিরাতের নামও উঠেছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দিনক্ষণ, ম্যাচের সংখ্যা কিংবা তিন দলের সম্মতি; কোনো কিছুই এখনো পাকাপোক্ত হয়নি।

সেপ্টেম্বরের প্রথমার্ধে ভারতের বিপক্ষে সিরিজের সূচি ছিল। কিন্তু ভারতের পরবর্তী কর্মসূচি এবং দুই দেশের বর্তমান পরিস্থিতি সিরিজটিকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। একই সময়ে আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজ ঠিক হয়ে যাওয়ায় বাংলাদেশ সফরের সম্ভাবনা আরও জটিল হয়ে পড়েছে।

বিসিবি চায় না আন্তর্জাতিক ক্রিকেটের সেই সময়টা হাতছাড়া হয়ে যাক। তাই ভারতের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে বিকল্প পথ খোঁজা হচ্ছে। জানা গেছে, ভারত না এলে ত্রিদেশীয় সিরিজের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

একসময় বিসিবি ভারত সফর নিয়ে আশাবাদী ছিল। কিন্তু সাম্প্রতিক সূচি পরিবর্তনের পর পরিস্থিতি পাল্টে গেছে। এখন বসে না থেকে ব্যস্ততা ধরে রাখার চেষ্টাই চলছে। আর সেই চেষ্টার তালিকায় আপাতত জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের কথাই সবচেয়ে জোরালোভাবে আলোচিত হচ্ছে।