Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

মুখে বল লেগে গুরুতর আহত আম্পায়ার, আছেন আইসিউতে

স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম

দিল্লি প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ চলাকালীন সোজা ব্যাটে হাঁকানো এক শক্তিশালী শটে বলের মারাত্মক আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক আম্পায়ার। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পর্যবেক্ষণে রাখার জন্য তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচ চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার সময় ১৮তম ওভারে ব্যাটার লক্ষ্য থারেজা বোলার আশিস মীনার বলে সজোরে একটি স্ট্রেট ড্রাইভ হাঁকান।

আম্পায়ারের দায়িত্বে থাকা বিসিসিআই নিবন্ধিত আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ ছিলেন বলের সোজা লাইনে। বলটি এত দ্রুত তার দিকে আসে যে সরে যাওয়ার মতো পর্যাপ্ত সময় পাননি তিনি। বলটি গিয়ে সজোরে আঘাত করে তার মুখের এক পাশে, যার পর পরই মাঠে তড়িঘড়ি চিকিৎসা শুরু করা হয়।

ধারাভাষ্যকাররা জানান, ওই একই ম্যাচে এটি ছিল ভরদ্বাজের শরীরে বল লাগার দ্বিতীয় ঘটনা। তবে মুখের সংবেদনশীল অংশে আঘাত লাগায় এবার তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ে।

প্রাথমিক পরীক্ষার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে তাকে আইসিইউতে রেখেছেন।

উল্লেখ্য, দিল্লি প্রিমিয়ার লিগ ভারতের একটি অন্যতম ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যা উদীয়মান ভারতীয় ক্রিকেটারদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দিচ্ছে।