স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম
২০২৭ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার স্বপ্ন লালন করা ইতালি আগামী ডিসেম্বরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ওডিআই (একদিনের আন্তর্জাতিক) ম্যাচ খেলতে যাচ্ছে। ঐতিহ্যগতভাবে ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালিতে ক্রিকেটের প্রচার ও প্রসারে এটি একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ২০২৫ সালে ইতিহাস গড়েছিল ইতালি। ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে জ্যেষ্ঠ পর্যায়ের কোনো ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার খেলার টিকিট নিশ্চিত করে তারা। সেই সাফল্য দেশটিতে ক্রিকেট নিয়ে আলাদা উন্মাদনা তৈরি করে।
টি-টোয়েন্টির পর এবার ৫০ ওভারের ফরম্যাটেও মনোযোগ দিয়েছে দেশটি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে অসাধারণ পারফর্ম করে বাছাইপর্বের পরবর্তী ধাপে পা রেখেছে তারা।
তানজানিয়ায় অনুষ্ঠিত চ্যালেঞ্জ লিগ 'বি'-তে এক ম্যাচ বাকি থাকতেই প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করেছে ইতালি। হংকং-চীনকে ৬ উইকেটে হারিয়ে উগান্ডার সাথে 'ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফ'-এ জায়গা করে নেয় দলটি।
প্রতিযোগিতায় ইতালি অন্যতম সফল দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। ১৪টি ম্যাচের মধ্যে ১১টিতেই জয় তুলে নেয় তারা এবং টুর্নামেন্টের সেরা নেট রান রেট অর্জন করে। এই অনবদ্য পারফরম্যান্স ২০২৭ বিশ্বকাপে খেলার স্বপ্নকে আরও সুদৃঢ় করেছে।
আসন্ন কোয়ালিফায়ার প্লে-অফ ম্যাচগুলোর আন্তর্জাতিক ওডিআই মর্যাদা রয়েছে। অর্থাৎ এই টুর্নামেন্টের মাধ্যমেই ইতালির পুরুষ ক্রিকেট দল প্রথমবারের মতো অফিসিয়াল ওডিআই ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করবে, যা তাদের ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন পরিচয় তৈরি করে দেবে।