Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

স্পোর্টস ডেস্ক

১৭ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম

প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানে ঢাকা সফর করছেন। সোমবার তরুণ ফুটবলারদের একটি বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ফোর্টিস রিসোর্টে উপস্থিত হন তিনি।

বৃষ্টি উপেক্ষা করেই বিকেল ৪টার দিকে ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট গ্রাউন্ডে ‘ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে যোগ দেন ক্যানিজিয়া। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি ভালোবাসার ইতিহাস তুলে ধরে ক্যানিজিয়া বলেন, “আমি মোটেও অবাক হইনি, কারণ এই সমর্থনের সূচনা হয়েছিল ১৯৮৬ সালে ডিয়েগো মারাদোনা যখন খেলতেন। এখানে মানুষ কীভাবে আর্জেন্টিনার জয় উদযাপন করে তা আমি টিভিতে দেখেছি। বিশ্বের বহু বড় দলের ভক্ত ছড়িয়ে রয়েছে, কিন্তু বাংলাদেশের মতো এতটা উন্মাদনা ও আবেগ আমি কোথাও দেখিনি। নিজ দেশের বাইরে অন্য কোনো বিদেশি দলকে এত মানুষের সমর্থন করতে দেখা দারুণ এক অনুভূতি।”

২০৩০ বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা সবসময়ই কঠিন। তবে বিগত ১০ বা ২০ বছরে অন্যান্য দল যেভাবে উন্নতি করেছে, আমি আশা করি বাংলাদেশও সেভাবে এগোবে। বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখবে না?”

তিনি আরও যোগ করেন, সরকার ও উন্নত কোচিংয়ের সঠিক সহায়তা এবং খেলোয়াড়দের মানসিক শক্তি বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। পাশাপাশি বাংলাদেশি ফুটবলারদের ইউরোপিয়ান ফুটবলে খেলার অভিজ্ঞতার ওপর জোর দেন তিনি। লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর প্রসঙ্গ টেনে ক্যানিজিয়া বলেন, “ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার মতো একজন খেলোয়াড় থাকা অনেক বড় বিষয়। ইউরোপের সেরা টুর্নামেন্টগুলোতে খেলার অভিজ্ঞতা দলের সার্বিক উন্নতিতে বড় ভূমিকা রাখে।”

ম্যারাডোনার সাথে তার বহুল চর্চিত 'চুম্বন' উদযাপনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সেটি ছিল শুধুই দুজন ভালো বন্ধুর মধ্যকার চমৎকার এক মুহূর্ত। বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করার কোনো সুযোগ থাকলে রাজি হবেন কি না, এমন প্রশ্নের জবাবে কানিজিয়া বলেন, “আমার কাছে এখনও কোনো অফিসিয়াল প্রস্তাব আসেনি। তবে তেমন কোনো প্রস্তাব পেলে আমি অবশ্যই বিবেচনা করব। এগিয়ে যেতে চায় এমন কোনো দলের সাথে কাজ করা সবসময়ই আনন্দের।”

অনুষ্ঠানে উপস্থিত ফোর্টিস এফসির সভাপতি শাহিন হাসান জানান, কানিজিয়ার এই সফর এবং একাডেমির তরুণদের সাথে তার আলাপচারিতা উদীয়মান ফুটবলারদের দারুণ অনুপ্রাণিত করবে। এছাড়া ফুটবল উন্নয়নে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ইফাদ গ্রুপ-এর সিইও আরিফ জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসাও।